মাঠপর্যায়ে নারী বিপণন কর্মীদের অবদানের স্বীকৃতি দিতে সপ্তমবারের মতো ‘নারী কর্মী সম্মেলন-২০২৬’ আয়োজন করেছে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড। সম্প্রতি মডার্ন গ্রিন সিটি পার্ক অ্যান্ড রিসোর্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ডেল্টা লাইফের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্য আদিবা রহমান। এতে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) উত্তম কুমার সাধু। এছাড়া ডিএমডি আনোয়ারুল হক, ডিএমডি ও সিএফও মিলটন বেপারী, এএমডি ও অ্যাকচুয়ারী আফরিন হক এবং ইভিপি (উন্নয়ন প্রশাসন) মো. ফরহাদ জলিলসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে আদিবা রহমান বলেন, নারী কর্মীদের জন্য ডেল্টা লাইফে সব সময় নারী-সহায়ক কর্মপরিবেশ বজায় রাখার চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। আগামী বছর বর্তমানের তুলনায় দ্বিগুণ ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন করে আরো বেশি নারী কর্মীকে নিয়ে সম্মেলন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
উত্তম কুমার সাধু বলেন, ডেল্টা লাইফের অগ্রযাত্রায় নারী কর্মীদের অবদান গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্ষুদ্র বীমা কার্যক্রমে মাঠপর্যায়ে তাদের অংশগ্রহণ প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি মানুষের আর্থিক নিরাপত্তা ও স্বনির্ভরতায় ভূমিকা রাখছে।
সম্মেলনে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত প্রায় ৪০০ নারী কর্মী অংশ নেন। মাঠপর্যায়ে সাফল্যের স্বীকৃতি হিসেবে ২১ জন নারী কর্মীকে পদক ও সনদ দেয়া হয়। দীর্ঘদিনের কর্মজীবনের জন্য পাঁচজন নারী কর্মীকে সম্মাননা স্মারক, উত্তরীয় ও সনদ দেয়া হয়।
এবারের সম্মেলনে প্রথমবারের মতো নারী কর্মীদের তৈরি পণ্যের পাশাপাশি নিজ নিজ এলাকার প্রসিদ্ধ খাবার ও পণ্য প্রদর্শনের জন্য ‘হাটবাজার’ স্টল রাখা হয়। কর্মীদের সফলতার গল্প ও বিভিন্ন আয়োজনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।