ওজন কমানোর দুটি আলোচিত ওষুধ মাউঞ্জারো ও ওয়েগোভির মধ্যে প্রথম সরাসরি তুলনামূলক পরীক্ষায় দেখা গেছে, ওয়েগোভির চেয়ে বেশি কার্যকর মাউঞ্জারো। ৭২ সপ্তাহ ধরে পরিচালিত এই পরীক্ষায় মাউঞ্জারো ব্যবহারকারীদের ওজন গড়ে ২০% হ্রাস পায়। অন্যদিকে, ওয়েগোভি ব্যবহারে তা ছিল ১৪%। খবর বিবিসি।
ইউরোপীয় কংগ্রেস অন ওবেসিটিতে উপস্থাপিত এবং নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত গবেষণায় আরো জানা গেছে— মাউঞ্জারো গ্রহণকারীদের ৩২% ব্যক্তি তাদের ওজনের এক-চতুর্থাংশ কমাতে সক্ষম হন, যা ওয়েগোভির ক্ষেত্রে ছিল ১৬%। কোমরের পরিমাপ মাউঞ্জারোতে কমেছে গড়ে ১৮ সেমি, ওয়েগোভিতে ১৩ সেমি।
সে সঙ্গে, রক্তচাপ, রক্তে চিনি ও কোলেস্টেরল নিয়ন্ত্রণেও মাউঞ্জারো ছিল সামান্য এগিয়ে। তবে উভয় ওষুধে পার্শ্বপ্রতিক্রিয়া প্রায় সমান ছিল।
মাউঞ্জারো (টারজেপাটাইড) এবং ওয়েগোভি (সেমাগ্লুটাইড)— দুটি ওষুধই মস্তিষ্কে ক্ষুধা কমানোর সংকেত পাঠিয়ে শরীরের সঞ্চিত চর্বি পুড়িয়ে ওজন কমায়। তবে মাউঞ্জারো একসঙ্গে দুটি হরমোন নিঃসৃত করে। ফলে এর কার্যকারিতা কিছুটা বেশি বলে গবেষকরা জানান।
যুক্তরাজ্যে বর্তমানে দুটি ওষুধই বিশেষায়িত সেবার আওতায় ও ব্যক্তিগতভাবে কেনা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আরো বেশি ওজন কমাতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য মাউঞ্জারো হতে পারে ভালো বিকল্প। তবে ওয়েগোভিও বেশিরভাগ মানুষের জন্য কার্যকর। তাছাড়া, ওয়েগোভি এরইমধ্যে হৃদরোগ প্রতিরোধের জন্য অনুমোদিত, যেখানে মাউঞ্জারোর ক্ষেত্রে সেই গবেষণা এখনো চলছে।