টোস্টমাস্টার্স ইন্টারন্যাশনালের ২০২৬-২৭ কার্যবর্ষে নবগঠিত ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ ও নেপাল নতুন সহযোগিতার যাত্রা শুরু করেছে। বাংলাদেশ ও নেপালের ৯৬টি টোস্টমাস্টার্স ক্লাব নিয়ে গঠিত এ ডিস্ট্রিক্ট নেতৃত্ব বিকাশ, কার্যকর যোগাযোগ দক্ষতা উন্নয়ন এবং দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ে কাজ করবে।
চলতি কার্যবর্ষে ডিস্ট্রিক্ট ৪১-এর ডিস্ট্রিক্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ নিয়েছেন বাংলাদেশের মোহাম্মদ গোলাম দস্তগীর জনি। ডিস্ট্রিক্ট ট্রিওতে আরো রয়েছেন নেপালের দীপ্তি আচার্য (প্রোগ্রাম কোয়ালিটি ডিরেক্টর) এবং অঙ্কিত গোয়েঙ্কা (ক্লাব গ্রোথ ডিরেক্টর)
ডিস্ট্রিক্ট নেতৃত্বে বাংলাদেশ থেকে আরো দায়িত্ব পালন করছেন নুসরাত হুদা, মোহাম্মদ জাহিদ হোসেন, ড. জামাল উদ্দিন জামি, সৈয়দ শাহরিয়াত হোসেন, মো. আবুল কালাম আজাদ, নাজমুল হক নাফিস, মোহাম্মদ ইয়াসিন আলী ও মো. শেখ সাদী। তারা নেপালের নেতাদের সঙ্গে সমন্বয় করে ক্লাবগুলোর উন্নয়ন ও সদস্যদের নেতৃত্ব বিকাশে কাজ করবেন।
ডিস্ট্রিক্ট ডিরেক্টর মোহাম্মদ গোলাম দস্তগীর জনি বলেন, ডিস্ট্রিক্ট ৪১ শুধু প্রশাসনিক পুনর্বিন্যাস নয়, বরং দুদেশের মধ্যে পারস্পরিক শিক্ষা, সাংস্কৃতিক বৈচিত্র্যের বিকাশ এবং কার্যকর যোগাযোগ ও নেতৃত্ব উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করবে। তিনি শক্তিশালী ক্লাব গড়ে তোলা, নতুন নেতৃত্ব তৈরি এবং বাংলাদেশ-নেপালের মধ্যে অর্থবহ সহযোগিতা জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।