গত এপ্রিল মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮৩ কোটি ২০ লাখ ৫১ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে কঠোর নজরদারির ফলে বিপুল পরিমাণ স্বর্ণ, হীরা, অস্ত্র ও মাদক উদ্ধার করা সম্ভব হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ মে) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
জব্দ করা পণ্যের তালিকায় রয়েছে প্রায় ৩ কেজি ৭১৩ গ্রাম স্বর্ণ, ১৫৫ গ্রাম হীরা, ১৭ হাজার ৫১৯টি শাড়ি এবং বিপুল পরিমাণ তৈরি পোশাক ও কসমেটিক্স। এছাড়া জব্দ করা হয়েছে প্রায় ৩২ লাখ পিস আতশবাজি, ৩৩৭টি মোবাইল ফোন ও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যন্ত্রাংশ। খাদ্যদ্রব্যের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে চিনি, জিরা, রসুন ও বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। পরিবহনের ক্ষেত্রে ১২টি ট্রাক, ১১টি পিকআপ ও ৪৪টি সিএনজিসহ বেশ কিছু যানবাহনও জব্দ করেছে বিজিবি।
অভিযানে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৬টি পিস্তল, ১ হাজার ৭২৫ রাউন্ড গুলি, ৮টি মাইন ও ১টি মর্টার শেল। এছাড়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এর মধ্যে ২৩ লাখ ১৩ হাজার পিসের বেশি ইয়াবা ট্যাবলেট, হেরোইন, ফেনসিডিল, বিদেশি মদ ও বিয়ার রয়েছে। নেশাজাতীয় ইনজেকশন ও বিভিন্ন প্রকার ওষুধও উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে।
মাদক পাচার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে বিজিবি গত মাসে ১৪৯ জন চোরাচালানকারীকে আটক করেছে। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৮৬ জন বাংলাদেশী, ২ জন ভারতীয় ও ৫৪৫ জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে তাদের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
—বিজ্ঞপ্তি