ড. ফরেস্ট ই কুকসনের প্রয়াণে শোক ও শ্রদ্ধা অ্যামচেম বাংলাদেশের

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) সাবেক সভাপতি ড. ফরেস্ট ই কুকসনের প্রয়াণে শোক প্রকাশ ও শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে সংগঠনটি। গতকাল রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত অ্যামচেম বাংলাদেশের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ড. কুকসন। এ সময়ে তিনি সংগঠনের ভিত্তি আরো শক্তিশালী করেন এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।

১৯৩৪ সালের ২৬ এপ্রিল যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া ড. কুকসন ১৯৮০ এর দশকের মাঝামাঝি সময়ে প্রথম বাংলাদেশে আসেন। সে সময় তিনি আর্থিক খাত সংস্কার কার্যক্রমে যুক্ত হন এবং বাংলাদেশ ব্যাংকের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে ১৯৯০ এর দশকে তিনি আর্থিক খাত সংস্কার কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দীর্ঘ সময় ধরে তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও নীতিগত সংস্কারে অবদান রাখেন। পরে তিনি নিজের জীবনের বড় একটি অংশ বাংলাদেশের উন্নয়নে ব্যয় করেন। বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে কাজ করেছেন।

অ্যামচেমের সঙ্গে শুরু থেকেই যুক্ত ছিলেন ড. কুকসন। বিভিন্ন অনুষ্ঠান, আলোচনা ও অ্যামচেম জার্নালে নিয়মিত লেখালেখির মাধ্যমে তিনি সক্রিয় ছিলেন। জীবনের শেষ সময়েও দেশের আর্থিক খাত ও বিনিয়োগ পরিবেশ নিয়ে জাতীয় পত্রিকা ও বিভিন্ন প্রকাশনায় নিয়মিত মতামত দিয়েছেন।

অ্যামচেম বাংলাদেশ শোকবার্তায় জানিয়েছে, দেশের অর্থনীতি ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে ড. কুকসনের অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে। একই সঙ্গে তার পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানিয়েছে সংগঠনটি।

আরও