ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গ্রীষ্মকালীন সেমিস্টার ২০২৬ এর নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে ১৩টি বিভাগের প্রায় ২ হাজার ২০০ শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিটি বিভাগ তাদের নিজস্ব শিক্ষার্থীদের জন্য আলাদা কর্মসূচির আয়োজন করে। এসব আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশ, আচরণবিধি, নিয়মকানুন ও বৃত্তিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেয়া হয়।
নবীনবরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক এবং কোষাধ্যক্ষ এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী।
এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। বিশেষ আকর্ষণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সফল সাবেক শিক্ষার্থী ও শিল্প খাতের শীর্ষ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
অতিথিরা বক্তব্যে নিজেদের জীবনের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন। একই সঙ্গে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তারা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধ ও নীতি অনুসরণ করে নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।