ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীমকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অ্যাক্টিভিস্ট ও মিডিয়া ব্যক্তিত্ব ড. ফয়জুল হক।
শনিবার (২৪ মে) বিকালে জাতীয় প্রেসক্লাব চত্বরে ‘আমরা ঢাকাস্থ বরিশালবাসী’র উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এ হুঁশিয়ারি দেন।
সভাপতির বক্তব্যে ড. ফয়জুল হক বলেন, বরিশালে মুফতি ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করুন। এটা তার অধিকার। ঢাকা ও চট্টগ্রামে মেয়র ঘোষণার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, অনতিবিলম্বে তাকে মেয়র ঘোষণা করা না হলে আমরা ঢাকাস্থ বরিশালবাসী আরো কঠিন কর্মসূচি নিয়ে মাঠে নামব।
সংগঠনটির সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য দেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আবুল কাশেম, আমরা বরিশালবাসীর যুগ্ম আহবায়ক মুহাম্মাদ ইলিয়াস হাসান, বরিশাল বিভাগীয় উন্নয়ন পরিষদের মহাসচিব হাফেজ সিদ্দিকুর রহমান, আমরা বরিশালবাসীর যুগ্ম সমন্বয়ক হাছিব আর রহমান, ইমাম ও ওলামা কল্যাণ পরিষদের মহাসচিব মুফতি তানিম হাসান মাহমুদী, বাংলাদেশ কাজী সমিতির যুগ্ম মহাসচিব মাওলানা কাজী মামুনুর রশীদ, ফিউচার বাংলাদেশের চেয়ারম্যান মুফতি আহমাদুল্লাহ আব্বাস, বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক মোস্তফা হোসাইন প্রমুখ।