ঈদুল আযহা উপলক্ষে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের যাত্রীদের জন্য বিশেষ খাবার এবং আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের জন্য উপহার সামগ্রীর আয়োজন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রীসেবার মান উন্নয়ন ও ভ্রমণকে আরো আনন্দময় করতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এ উপলক্ষে আজ রোববার বিমান বলাকা ভবনে উপহার সামগ্রী হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ আনুষ্ঠানিকভাবে উপহার সামগ্রী বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপকের কাছে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিমানের উপব্যবস্থাপনা পরিচালক ও উপপ্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মইন উদ্দিন আহমেদ, গ্রাহকসেবা বিভাগের পরিচালক বদরুল হাসান লিটনসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, যাত্রীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক আরো সুদৃঢ় করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে ঈদযাত্রা আরো আনন্দঘন ও স্মরণীয় হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, ঈদের দিন আন্তর্জাতিক সব বহির্গমন ফ্লাইটের যাত্রীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হবে। একই সঙ্গে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের যাত্রীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে।
সংস্থাটি আরো জানিয়েছে, ঈদের দিন দায়িত্ব পালনরত বিমানের সব শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কর্মক্ষেত্রেও উৎসবের আনন্দ ভাগাভাগি করা যায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, ভবিষ্যতেও যাত্রীসেবার মান উন্নয়ন ও সেবার পরিধি বাড়াতে তারা কাজ চালিয়ে যাবে।