বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত ‘বিজিএমইএ ওপেন গলফ টুর্নামেন্ট ২০২৬’ সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) ঢাকার পূর্বাচলের জলসিঁড়ি গলফ ক্লাবে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট দেশী-বিদেশী অংশীজনদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সংহতি সুদৃঢ় করার লক্ষ্যে এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে বর্তমান পরিচালনা পর্ষদ।
বিজিএমইএ'র স্পোর্টস কমিটির ডাইরেক্টর ইনচার্জ, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক নাফিস-উদ-দৌলা এবং পরিচালক জোয়ার্দার মোহাম্মদ হোসনে কমার আলমের বিশেষ উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে টুর্নামেন্টটি সফলভাবে আয়োজিত হয়।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি বলেন, এ আয়োজনকে কেবল একটি গলফ টুর্নামেন্ট হিসেবে দেখলে হবে না; বরং এটি আমাদের সম্মানিত ব্র্যান্ড পার্টনার, ক্রেতা, কূটনীতিক এবং বিজিএমইএ সদস্যদের মাঝে দীর্ঘদিনের পারস্পরিক আস্থা, শ্রদ্ধা এবং অটুট বন্ধুত্বের এক অনন্য উদযাপন। মাঠের খেলার মধ্য দিয়ে আমরা আজ যে সম্প্রীতির সেতুবন্ধন তৈরি করেছি, তা আগামী দিনে আমাদের শিল্পের ঐক্যকে আরও সুদৃঢ় করবে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করবে।
টুর্নামেন্টে দেশী-বিদেশী খেলোয়াড়সহ মোট ৮০ জনেরও বেশি গলফার অংশগ্রহণ করেন। তাদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কূটনীতিক, আন্তর্জাতিক ব্র্যান্ডের ঊর্ধ্বতন প্রতিনিধি এবং বিজিএমইএ'র সাধারণ সদস্যরা ছিলেন। বিশেষ উল্লেখযোগ্য দিক ছিল যে, বিজিএমইএ পর্ষদের পরিচালকরাও এই প্রতিযোগিতায় খেলোয়াড় হিসেবে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে বিজিএমইএ এর পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, পরিচালক নাফিস-উদ-দৌলা, পরিচালক মজুমদার আরিফুর রহমান, পরিচালক জোয়ার্দার মোহাম্মদ হোসনে কমার আলম, পরিচালক মোহাম্মদ সোহেল এবং পরিচালক এমডি এম. মহিউদ্দিন চৌধুরী।
প্রতিযোগিতায় অসামান্য নৈপুণ্য প্রদর্শন করে বিজিএমইএ'র অ্যাপারেল ক্লাব কমিটির চেয়াম্যান এবং ফ্রেন্ডস স্টাইলওয়্যার লিমিটেডের এ.এম. মাহমুদুর রহমান ‘চ্যাম্পিয়ন’ এবং এরাইভাল ফ্যাশন লিমিটেডের শফিকুল ইসলাম ‘রানার-আপ’ হওয়ার গৌরব অর্জন করেন। নারী গলফারদের মধ্যে দাদা ঢাকা লিমিটেডের মিসেস হ্যায়জাং ‘লেডিস উইনার’ হওয়ার কৃতিত্ব অর্জন করেন। এছাড়াও টুর্নামেন্টে ‘বেস্ট গ্রস’ নির্বাচিত হন অ্যামেজিং ফ্যাশন লিমিটেডের এএলএম নিশাত বিন জিয়া।
অন্যান্য ক্যাটাগরিতে চট্টগ্রাম ফ্যাশন স্পেশালাইজড টেক্সটাইলস লিমিটেডের নিয়াজ আহমেদ ভূঁইয়া ‘লঙ্গেস্ট ড্রাইভ’ এবং আইএফএস টেক্সওয়্যার প্রাইভেট লিমিটেডের সালাহ উদ্দিন আহমেদ (শামীম) ‘নেয়ারেস্ট টু দি পিন’ পুরস্কারে ভূষিত হন। খেলা শেষে এক আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়, যেখানে এএন্ডই এর এঞ্জেলো লী নাগে প্রথম পুরস্কার জয় করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিজিএমইএ এর পরিচালক মোহাম্মদ আবদুস সালাম। বর্ণাঢ্য এ আয়োজন ‘পাওয়ার্ড বাই এএন্ডই’, কো-স্পন্সর হিসেবে ‘কেডিএস এক্সেসরিজ লিমিটেড’, স্যুভেনির পার্টনার হিসেবে ‘আরগন ডেনিমস লিমিটেড’ ও ‘ফ্লোরেন্স গ্রুপ’, র্যাফেল ড্র পার্টনার হিসেবে ‘হুরাইন এইচটিএফ লিমিটেড’ এবং কিট পার্টনার হিসেবে ‘দৌড়’ এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।