ভেনিসের গ্র্যান্ড ক্যানালে সাঁতার কাটলে জরিমানা ও নির্বাসন

ক্যানালে নৌযান চলাচলের তীব্রতা বৃদ্ধি ও পানির মান খারাপ হয়ে যাওয়ায় কারণে সাঁতার কাটা নিষিদ্ধ করা হয়েছে।

ভেনিসের গ্র্যান্ড ক্যানালে সাঁতার কাটার কারণে জরিমানা ও শহর থেকে ৪৮ ঘণ্টার জন্য নির্বাসিত করেছে ভেনিস কর্তৃপক্ষ। খবর সিএনএন।

৩৫ বছর বয়সী ব্রিটিশ এক পুরুষ ও তার ২৫ বছরের রোমানিয়ান প্রেমিকা বৃহস্পতিবারই শহরে পৌঁছানোর পরেই নেমেছিলেন গ্র্যান্ড ক্যানালে। স্থানীয় গণ্ডোলিয়াররা তা লক্ষ্য করে পুলিশে খবর দেন, আর কয়েক মিনিটের মধ্যেই তাদের পানি থেকে সরিয়ে জরিমানা করা হয়। প্রতিজনকে ৪৫০ ইউরো জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে ৪৮ ঘণ্টার জন্য শহরে প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে।

ভেনিসের নিরাপত্তা কাউন্সিলর এলিসাবেটা পেসে বলেছেন, ভেনিসকে যারা সম্মান দেয় না, তাদের থেকে শহরকে রক্ষা করা জরুরি। আমাদের লক্ষ্য হলো বাসিন্দাদের ও ভ্রমণকারীদের জন্য শহরটি শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ রাখা।

ক্যানালে নৌযান চলাচলের তীব্রতা বৃদ্ধি ও পানির মান খারাপ হয়ে যাওয়ায় কারণে সাঁতার কাটা নিষিদ্ধ করা হয়েছে। এ বছর ভেনিসে ১ হাজার ১৩৬টি নির্বাসনের আদেশ জারি করা হয়েছে, যার মধ্যে প্রায় ১০টি কেবল সাঁতার কাটার কারণে। স্থানীয় পুলিশ জানিয়েছে, অতিরিক্ত পর্যটনজনিত সমস্যার কারণে নিয়মিত এ ধরনের ঘটনা ঘটছে।

পূর্ববর্তী বছরের উদাহরণগুলোও একইরকম। ২০২৪ সালে এক অস্ট্রেলিয়ান পর্যটক রিয়াল্টো ব্রিজ থেকে ডাইভ করার কারণে জরিমানা ও নির্বাসিত হন, ২০২৩ সালে চাঁদের আলোতে দুই ফরাসি পর্যটক ক্যানালে সাঁতার কাটার কারণে জরিমানার মুখোমুখি হন। আর ২০২২ সালে সার্ফিং করার কারণে এক জার্মান পর্যটককে শহর থেকে বের করা হয়।

পর্যটন ও নাগরিক সুবিধার মধ্যে ভারসাম্য বজায় রাখতে নানা পদক্ষেপ নিয়েছে ভেনিসের কর্তৃপক্ষ। গ্রীষ্মকালীন ছুটিতে নগরীতে প্রবেশের জন্য দৈনিক ১০ ইউরো ফি নেয়া হয়। ২৫ জনের বেশি ট্যুর গ্রুপ, লাউডস্পিকার ও মেগাফোন ব্যবহার নিষিদ্ধ।

আরও