বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি

এম রশিদুজ্জামান মিল্লাত

মন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে লাভজনক, দক্ষ ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতা সক্ষম প্রতিষ্ঠানে রূপান্তর করাও আমাদের অন্যতম অগ্রাধিকার।

বাংলাদেশের অর্থনীতিকে ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণ, পর্যটন শিল্পের বিকাশ এবং বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থার সঙ্গে কার্যকর সংযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে এভিয়েশন খাতের উন্নয়ন ও সম্প্রসারণের কোনো বিকল্প নেই। আমাদের সরকারের অন্যতম অগ্রাধিকার হলো বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ এভিয়েশন হাবে পরিণত করা।

এভিয়েশন খাতের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপত্তা, দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। বিমানবন্দরে ব্যাগেজ হ্যান্ডলিংয়ের সময় কমানো, গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে সমন্বয় বাড়ানো এবং যাত্রীসেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে ‘‌লাইভ মনিটরিং স্ক্রিন’সহ আধুনিক ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। দেশের সব বিমানবন্দরে নিরাপদ, সম্মানজনক ও হয়রানিমুক্ত যাত্রীসেবা নিশ্চিত করার পাশাপাশি টিকিট কালোবাজারি, জালিয়াতি ও অনিয়ম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।

জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে লাভজনক, দক্ষ ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতা সক্ষম প্রতিষ্ঠানে রূপান্তর করাও আমাদের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে পরিচালন কাঠামো, রুট ব্যবস্থাপনা ও সেবার মানে প্রয়োজনীয় সংস্কার আনা হবে। পাশাপাশি বেসরকারি এয়ারলাইনসগুলোর আন্তর্জাতিক বাজারে প্রবেশ ও প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে নীতিগত সহায়তা দেয়া হবে। এভিয়েশন প্রযুক্তি, কার্গো পরিবহন ও দক্ষ জনবল তৈরির মাধ্যমে বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা হবে।

বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশেও এভিয়েশন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিমান ভ্রমণকে মানুষের জন্য আরো সহজলভ্য ও সাশ্রয়ী করার বিষয়ে সরকার কাজ করছে। আকাশপথে যাতায়াতের সুযোগ যত বিস্তৃত ও সাশ্রয়ী হবে, দেশের অভ্যন্তরীণ পর্যটন যেমন বাড়বে; তেমনি বিদেশী পর্যটক ও ব্যবসায়ীদের জন্য বাংলাদেশও আরো আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে।

আমি বিশ্বাস করি, সমন্বিত পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল ও মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করতে পারলে বাংলাদেশের এভিয়েশন খাত আগামী দিনে অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত হবে। একটি নিরাপদ, দক্ষ, সাশ্রয়ী ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত এভিয়েশন ব্যবস্থা গড়ে তুলে বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

আরও