৫ আগস্ট সরকার পতনের পর থেকেই বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে। এরই মধ্যে এ ঘটনায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের কঠোর বার্তা ও সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, ‘বিএনপিতে যাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ আসবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। যারা এতে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাসহ আইনি ব্যবস্থাও নেয়া হবে।’ তার এ ঘোষণার পর বেশ কয়েকজন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। স্থগিত করা হয়েছে বিভিন্ন মহানগর, উপজেলা কমিটি। বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও দখলের অভিযোগে নেতাকর্মীদের নামে মামলার দায়ের করা হয়েছে।