রান্নাঘর আছে, কিন্তু র্যাক নেই—বিষয়টা কল্পনাও করা যায় না। রান্নার সামগ্রী গুছিয়ে রাখার জন্য আগে বা পরে প্রয়োজন হয় র্যাকের। প্লাস্টিকের র্যাকে সাধারণত কতগুলো তাক থাকে। কখনো দরজা থাকে, কখনো থাকে না। ইস্পাতের র্যাক আকারে একটু বড় হয়। রান্নাঘরে খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যকে নিরাপদ ও সুরক্ষিত রাখা যায়। রান্নায় ব্যবহৃত সরঞ্জামাদি গুছিয়ে রাখা যায় কোনো বাড়তি ঝামেলা ছাড়াই। র্যাকের সুবিধা হলো মেঝেতে খুব অল্প জায়গা দখল করে। কিন্তু একই সঙ্গে অনেক কিছু রাখার সুযোগ তৈরি করে। নানা রকম কাঠ, প্লাস্টিক ও ধাতব উপাদানে তৈরি হতে পারে র্যাক। রান্নাঘরের স্থান ও গৃহিণীর উপযোগ বুঝে র্যাকের প্রয়োজনীয়তা নির্ধারিত হয়।
বাসন রাখতে প্লাস্টিকের র্যাক
হালকা জিনিসপত্র রাখার জন্য প্লাস্টিকের র্যাক উত্তম। একদিকে মরিচা ধরার ঝামেলা নেই, অন্যদিকে রয়েছে স্থায়িত্ব। আসবাবপত্র রাখা হলে দ্রুত শুকিয়ে যায়। র্যাকে ১০টি পর্যন্ত থালা রাখা যায়। গ্লাস রাখাও যেতে পারে। সবচেয়ে সুবিধা হলো জায়গা দখল করে খুব কম। থালা, চামচ, ছিপি অন্যান্য সমাগ্রী ধুয়ে তারপর র্যাকে রাখতে হয়, যেন দ্রুত সময়ে শুকিয়ে যেতে পারে। তাতে র্যাকে ময়লা হওয়ার সম্ভাবনা কম থাকে। থালাবাসন বেশি হয়ে গেলে দুটা র্যাক নেয়া যেতে পারে।
মাল্টিপারপাস স্টোরেজ র্যাক
বাসন রাখার জায়গা যদি বেশি প্রয়োজন হয়, তখন মাল্টিপারপাস র্যাক ব্যবহার করা যেতে পারে। এ ধরনের র্যাকে আসবাবের পাশাপাশি বোতল ও ক্যানের মতো অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী রাখা যায়। বিভিন্ন প্লাস্টিকের বয়ামও রাখা যায় অনায়াসে। রাখার সময় অবশ্যই ধারাবাহিকতা অনুসরণ করতে হয়, যেন পরে দ্রুত সময়ে বের করা যায়। বাজারে কাভারসহ র্যাকও পাওয়া যায়। মানের ওপর নির্ভর করে পরিবর্তন ঘটে দামেরও।
স্টেইনলেস স্টিলের র্যাক
রান্নাঘরে র্যাক নির্বাচনের জন্য স্টেইনলেস স্টিল ভালো সুযোগ হতে পারে। রান্নাঘরের বরাদ্দকৃত জায়গার অনুসারে আকৃতি নির্বাচন করা জরুরি। অপেক্ষাকৃত বড় হওয়ার কারণে স্টেইনলেস স্টিলের র্যাকে অনেক ছোট ছোট তাক থাকে। সেখানে পৃথকভাবে সাজানো যায় থালা, গ্লাস, চামচ ও অন্যান্য আসবাবপত্র। আলাদা আলাদা করে রাখার কারণে খুঁজে পেতেও দেরি হয় না। তাছাড়া স্টিলের র্যাক তুলনামূলক মজবুত ও টেকসই।
কাঠের র্যাক
প্লাস্টিক ও স্টিলের বাইরেও চাহিদা অনুসারে কাঠের র্যাক বানিয়ে নেয়া যায়। আগে কাঠের র্যাক সাধারণভাবে ব্যবহার হলেও বর্তমানে আভিজাত্যের নিদর্শন হিসেবে থাকে রান্নাঘরে। কাঠের গায়ে খোদাই করে ফুটিয়ে তোলা হয় কারুকাজ, যা নান্দনিক আবহ তৈরি করে।
পরিচ্ছন্নতা: মানুষ সাধারণত পরিষ্কারের কথা চিন্তা করে না। কিন্তু স্বাস্থ্যকর ও নিরাপদ খাবারের প্রয়োজনেই র্যাককে পরিচ্ছন্ন রাখা জরুরি। মাজনি ও ডিশ সোপ ব্যবহার হয় পরিষ্কার করার ক্ষেত্রে। প্লাস্টিকের র্যাক পরিষ্কারের সময় সুবিধা হলো তা খুলে ফেলা যায় বিভিন্ন জায়গায়। তাতে পরিষ্কার করা সহজ। অল্প গরম পানি ও ডিশ সোপ মিশ্রিত করে নেয়া হয়। তারপর ধুয়ে নিয়ে শুকাতে হয়। সরু জায়গাগুলোয় ধোয়ার সুবিধার জন্য ব্রাশ ব্যবহার করা যেতে পারে। যদি র্যাকটি ইস্পাতের হয়, তাহলে শুকনা নরম কাপড় ব্যবহার করা যেতে পারে শুকানোর জন্য।
সতর্কতা: বাসন রাখার সময়ই পরিষ্কার করে রাখা উচিত। তাতে র্যাক নোংরা হওয়ার সম্ভাবনা কম থাকে। ব্যবহারের ওপর পরিষ্কারের সময়সীমা নির্ধারিত হয়। সেটা মাসে একবারও হতে পারে বা সপ্তাহে একবার। পরিষ্কারের পর ভালোভাবে শুকিয়ে নিতে হবে।