ঘুমের আগে ত্বক ও চুলের যত্ন

ঘুমের সময় শরীর যেমন বিশ্রাম নেয়, তেমনি ত্বকও নিজেকে মেরামত করে। রাতই সৌন্দর্য পুনরুদ্ধারের সবচেয়ে উপযুক্ত সময়।

সারাদিনের ব্যস্ততা, ধুলোবালি, সূর্যের তাপ আর ক্লান্তি মিলিয়ে দিনশেষে আমাদের ত্বক ও চুল ক্লান্ত হয়ে পড়ে। ঘুমের সময় শরীর যেমন বিশ্রাম নেয়, তেমনি ত্বকও নিজেকে মেরামত করে। রাতই সৌন্দর্য পুনরুদ্ধারের সবচেয়ে উপযুক্ত সময়। আর তাই একটু সচেতনভাবে রাতের রূপচর্চা জরুরি—

মুখের যত্ন

ঘুমানোর আগে মুখ ভালোভাবে পরিষ্কার করা রাতের রূপচর্চার প্রথম ধাপ। সারাদিনের মেকআপ, ধুলো, তেল ও ময়লা মুখে জমে থাকে। এগুলো না তুললে ব্রণ, দাগ আর রুক্ষতা দেখা দেয়। মৃদু ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর অ্যালকোহলমুক্ত টোনার ব্যবহার করলে ত্বক আর্দ্রতা ধরে রাখে।

রাতে ময়েশ্চারাইজার লাগানো বাধ্যতামূলক। শীতে ঘন ক্রিম বা অয়েল-বেসড ক্রিম, আর গরমে হালকা জেল-বেসড ক্রিম বেছে নিন। হালকা ম্যাসাজ করে মুখে ক্রিম লাগালে রক্ত সঞ্চালন বাড়ে, ফলে ত্বক উজ্জ্বল হয়। চোখের চারপাশে আলাদা আই-ক্রিম ব্যবহার করতে পারেন, এটি ডার্ক সার্কেল ও ফোলাভাব কমাতে সাহায্য করে।

ত্বককে আর্দ্র রাখতে নারকেল তেলও খুব ভালো উপকরণ। যাদের ত্বক শুষ্ক তারা হাতের তালুতে তেল নিয়ে মুখে ভালোভালো ম্যাসাজ করে সারারাত রেখে দিতে পারেন। তবে তৈলাক্ত ত্বকের অধিকারীরা ম্যাসাজ করার পর টিস্যু দিয়ে মুছে নিলেই ভালো হয়।

ঠোঁট ও হাতের যত্নে আলাদা নজর দিন

ঘুমানোর আগে ঠোঁটে মধু, ঘি বা লিপ বাম লাগালে ফাটা ঠোঁট দ্রুত সারবে। হাত ও পায়ে ঘন ময়েশ্চারাইজার বা ভ্যাসলিন লাগিয়ে পাতলা সুতির মোজা বা দস্তানা পরে নিলে সকালে ত্বক থাকবে নরম ও মসৃণ।

চুলের যত্নে সহজ রুটিন

রাতে ঘুমানোর আগে চুলে সামান্য হেয়ার সিরাম বা নারকেল তেল ব্যবহার করলে চুলের শুষ্কতা কমে। সপ্তাহে এক-দুদিন তেল গরম করে হালকা ম্যাসাজ করুন। এতে চুলের গোড়া মজবুত হয়। খোলা চুলে ঘুমাবেন না; আলগা বেণি করে ঘুমালে চুল কম জট পাকাবে ও ভাঙবে না।

ভালো ঘুমই আসল রূপচর্চা

ত্বক ও চুলের যত্নের সবচেয়ে কার্যকর উপায় হলো পর্যাপ্ত ঘুম। ঘুমের সময় শরীর ‘রিপেয়ার মোডে’ যায়। এসময় কোলাজেন তৈরি হয়, ত্বক নতুন কোষ গঠন করে। তাই প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা গভীর ঘুম খুবই গুরুত্বপূর্ণ।

বাড়তি কিছু টিপস

  • ঘরে হিউমিডিফায়ার বা এক বাটি পানি রাখলে বাতাস আর্দ্র থাকবে। এতে ত্বকেও আর্দ্রতার ঘাটতি হবে না।
  • অতিরিক্ত সাবান বা গরম পানি ব্যবহার করলে ত্বক আরো শুষ্ক হয়ে যায়।
  • সপ্তাহে একদিন রাতে হালকা ফেস মাস্ক বা ঘরোয়া প্যাক ব্যবহার করতে পারেন।

আরও