একে তো উৎসব তার ওপর অষ্টমীর দিন নিরামিষ হয়েছে। তাই নবমীতে চাই ভূরিভোজ। এ বিশেষ দিনটিতে বাইরে খাওয়ার বদলে ঘরেই রান্না করার পরিকল্পনা থাকলে বেছে নিতে পারেন চিকেন মহারানি। লুচি, পরোটা, ভাত বা সবজি পোলাও দিয়ে তারিয়ে তারিয়ে খেতে পারেন নবমীর দুপুরে। রইল রেসিপি
চিকেন মহারানি
উপকরণ:
মাঝারি টুকরো করা এক কেজি মুরগীর মাংস, ২ আদা রসুন বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো, লবণ, টক দই, ১ চামচ গোটা জিরা, ১ চামচ গোটা ধনে, ৪-৫ টা শুকনো মরিচ, ৪-৫ টা এলাচ, ৪-৫ টা লবঙ্গ, ২ টুকরো দারুচিনি, ১০-১২ টা কাজুবাদাম, ২-৩ টি পেঁয়াজ কুচি, ২-৩ টা টমোটো কুচি, ২- ৩টা কাঁচামরিচ, পরিমাণ মতো তেল বা ঘি, ১ চামচ কসৌরি মেথি, হাফ চামচ গরম মসলা গুঁড়ো
প্রস্তুত প্রণালী:
প্রথমে মুরগির মাংসের টুকরোগুলো ১ চামচ আদা রসুন বাটা, হাফ চামচ হলুদ, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও টক দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দিন।
এবার বানিয়ে নিতে হবে মসলা। একটা শুকনো কড়াইয়ে গোটা জিরা, গোটা ধনে, শুকনো মরিচ, এলাচ, লবঙ্গ, দারুচিনি হালকা আঁচে ভেজে নিন। ঠাণ্ডা হলে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিন।
এবার মূল রান্না শুরু। কড়াইতে তেল বা ঘি গরম করে তাতে পেয়াঁজ কুচি দিয়ে সোনালি হওয়অ পর্যন্ত ভাজুন। এর পর বাকি আদা রসুন বাটা ও কাচা মরিচ দিয়ে আরো ১ মিনিট ভাজুন। এবার টমোটো কুচি দিয়ে পেঁয়াজসহ বাকি মসলা নরম হওয়া পর্যন্ত হালকা আঁচে ভাজতে হবে। ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো যোগ করতে হবে এ পর্যায়ে। ৪-৫ মিনিট মাঝারি আঁচে রান্না করলেই মুরগি থেকে পানি বের হতে শুরু করবে। এরপর ভাজা মসলার গুঁড়ো আর লবণ দিয়ে কষাতে থাকুন পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত।
মুরগি সেদ্ধ হতে আরো একটু পানি যোগ করতে হতে পারে। সেদ্ধ হয়ে গেলে ফেটানো টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। আঁচ একদম কম রাখুন নইলে দই ফেটে যেতে পারে। সবশেষে কসৌরি মেথি ও গরম মসলার গুঁড়ো ওপরে ছড়িয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দিন।