জীবনে সবকিছু একটি মাত্র জায়গা, মানুষ বা সিদ্ধান্তের ওপর নির্ভর করলে ঝুঁকি বেড়ে যায়। একটি জায়গায় সমস্যা তৈরি হলে তার প্রভাব পড়তে পারে পুরো জীবনেই। তাই জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বিকল্প তৈরি করে রাখা অনেকটা ‘সব ডিম এক ঝুড়িতে না রাখার’ মতো। অর্থ, পেশা, দক্ষতা কিংবা ব্যক্তিগত সম্পর্ক, সব ক্ষেত্রেই এই কৌশল কাজে লাগতে পারে।
সব নির্ভরতা এক জায়গায় নয়
ধরা যাক কারোর আয়ের একমাত্র উৎস শুধুমাত্র তার চাকরি। তাহলে হঠাৎ সেই চাকরি চলে গেলে তার পুরো আর্থিক ব্যবস্থাই চাপে পড়বে। কিন্তু চাকরির পাশাপাশি তিনি যদি নতুন কোনো দক্ষতা অর্জন করেন, সঞ্চয় রাখেন কিংবা বাড়তি আয়ের পথ তৈরি করেন, তাহলে হঠাৎ কোনো পরিবর্তন এলেও সামলে ওঠার সুযোগ থাকে।
তবে এর অর্থ এই নয় যে একসঙ্গে অনেক কাজ করতে হবে। বরং একটি নির্ভরতার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিকল্প তৈরি করাই মূল বিষয়।
অর্থের ক্ষেত্রে কেন জরুরি
ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনায় এ কৌশল সবচেয়ে সহজে প্রয়োগ করা যায়। সব টাকা একটি জায়গায় না রেখে প্রয়োজন অনুযায়ী সঞ্চয়, দৈনন্দিন খরচ এবং ভবিষ্যতের জন্য অর্থ আলাদা রাখা যেতে পারে।
একইভাবে বিনিয়োগের ক্ষেত্রেও পুরো অর্থ একটি মাত্র খাতে রাখলে ঝুঁকি বাড়ে। কোনো একটি খাতে প্রত্যাশিত ফল না এলে পুরো বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ঝুঁকি ও প্রয়োজন বুঝে বিভিন্ন জায়গায় অর্থ ভাগ করে রাখার কথা বলা হয়।
পেশাগত জীবনে বিকল্প দক্ষতা
বর্তমান কর্মজীবনে শুধু একটি দক্ষতার ওপর নির্ভর করাও ঝুঁকিপূর্ণ হতে পারে। প্রযুক্তির পরিবর্তন, কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার, প্রতিষ্ঠানের সিদ্ধান্ত কিংবা অর্থনৈতিক পরিস্থিতির কারণে যে কোনো সময় কাজের ধরন বদলে যেতে পারে।
তাই নিজের মূল কাজের পাশাপাশি নতুন দক্ষতা শেখা ভবিষ্যতের জন্য কাজে দেয়। লেখালেখি, যোগাযোগ, তথ্য বিশ্লেষণ, প্রযুক্তি ব্যবহার কিংবা অন্য কোনো ব্যবহারিক দক্ষতা একজন কর্মজীবীকে নতুন সুযোগের জন্য প্রস্তুত রাখতে পারে।
এমনকি কোনো সম্পর্কও কনস্ট্যান্ট বা অপরিবর্তনীয় নয়
মানুষের ক্ষেত্রেও এই কৌশলের প্রয়োজন আছে। জীবনে একজন মানুষই যেন সব ধরনের মানসিক সমর্থন, পরামর্শ ও সামাজিক যোগাযোগের একমাত্র উৎস না হন। পরিবার, বন্ধু, সহকর্মী ও নিজের ব্যক্তিগত পরিসর, সবকিছুর জন্য আলাদা জায়গা থাকা মানসিকভাবে ভারসাম্য রাখতে সাহায্য করতে পারে।
তবে এর অর্থ চারপাশের মানুষ থেকে দূরে থাকা নয়। বরং নিজের পুরো সামাজিক ও মানসিক জগতকে একজন মানুষের ওপর নির্ভরশীল না করে সামঞ্জস্য আনাই মূল লক্ষ্য হওয়া উচিৎ।
ঝুঁকি কমায়, সিদ্ধান্তে স্বস্তি আনে
‘সব ডিম এক ঝুড়িতে না রাখা’ আসলে সবকিছু থেকে নিরাপদ থাকার কোনো নিশ্চয়তা নয়। এর উদ্দেশ্য হলো একটি জায়গায় সমস্যা তৈরি হলে যেন পুরো ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে।
তাই জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার সময় নিজেকে একটি প্রশ্ন করা যেতে পারে, ‘এই একটি বিষয় ব্যর্থ হলে আমার সামনে আর কী থাকবে?’ উত্তর যদি ‘কিছুই না’ হয়, তাহলে বিকল্প তৈরির প্রয়োজন আছে।
জীবন সবসময় পরিকল্পনা অনুযায়ী চলে না। তবে আগে থেকে কয়েকটি বিকল্প তৈরি করে রাখলে অনিশ্চিত পরিস্থিতিতে সিদ্ধান্ত নেয়া সহজ হয়। ছোট ছোট প্রস্তুতিই তখন বড় ঝুঁকি সামলানোর শক্তি হয়ে উঠতে পারে।