শ্যাম-যমজ: একই বৃন্তে দুইটি কুসুম

মুসলমানরা যদি শুধু তাদের বোধ নিয়ে থাকতে চায় কিংবা হিন্দুরা যদি নিজেদের বিশ্বাসকে প্রতিষ্ঠা করতে চায় তবে দুই পক্ষই সমূলে নিশ্চিহ্ন হবে। সমস্ত ধর্ম ও ধর্মের মানুষদের উড়িয়ে দিয়ে কেবল আমার ধর্ম এ বিশ্বে অধিপতি হবে এ দিবাস্বপ্ন বাস্তবায়িত করতে গেলে ধ্বংস অনিবার্য।

বিপুলা এ পৃথিবীতে কত বিস্ময়কর ঘটনা ঘটে। এই যেমন এক দেহে দুই প্রাণ। এক শরীরে দুই মানুষ কিংবা দুই মানুষের এক শরীর। এমনই এক যমজ যুগলের জীবন এবং তাদের আশপাশের জীবন চিত্রিত করেছেন কথাশিল্পী শাহযাদ ফিরদাউস। শব্দ দিয়ে আঁকা এ শিল্পের নাম- শ্যাম যমজ।

যমজ দুই বোন, রূপসা আর বিপাশা। কোমড়ের নিচের অংশটুকু ওদের ভাগাভাগি করতে হয়। দুজনের দুটো পা, অথচ হাত চারটি। অপূর্ব রূপসী এ দু বোনের দেহসৌষ্ঠব আকর্ষক। ওরা খাবার খায় ভিন্ন, পরিপাকও হয় আলাদা করেই। তবে প্রাকৃতিক কর্ম সারার সময় তারা এক ও অভিন্ন।

আর তাই বেঁচে থাকতে হলে ওদের পরস্পরকে ভালোবাসতে হবে, সতর্ক থাকতে হবে। অন্যের জীবনকেও নিজের জীবনের মতো যত্নে রাখতে হবে। স্বার্থপরের মতো শুধু নিজেরটুকু নিয়ে, নিজের নিরাপত্তা নিয়ে ভাবলে চলবে না। যা কিছু ভোগ তা দুজনকেই সমানভাবে করতে হবে, আর যা কিছু ত্যাগ তা যে কোনো একজনের প্রিয় হলেও নির্মমভাবেই ত্যাগ করতে হবে।

কিন্তু তবুও ওরা দুজন ভিন্ন মানুষ; ওদের রুচি আলাদা, ইচ্ছে আলাদা, স্বপ্ন আলাদা। ওদের ভাবনার পরিধি ভিন্ন, একজন চপল তো আরেকজন গম্ভীর। একজন সামনে যা দেখে তা থেকেই জীবনের আনন্দ খুঁজে নেয় আর আরেকজন মূলে গিয়ে খুঁজতে ভালোবাসে ঘটনার কার্যকারণ। এতসব ভিন্নতার কারণে তাদের প্রেমটাও হয় ভিন্ন দুজনের মানুষের সঙ্গে।

সেই প্রেমিক যুগলের একজন হিন্দু একজন মুসলিম। আর প্রেম যখন হৃদয় ছাড়িয়ে শরীরকে স্পর্শ করতে যায় তখনই বাঁধে বিপত্তি। একজনের প্রেমিককে অনিচ্ছা সত্ত্বেও অন্যজনকেও গ্রহণ করতে হয়। মনের বিরুদ্ধে শরীরের এই অর্ধাংশকে মেনে নিতে বাধে অস্বস্তি। নিজেকে ধ্বংস করার সিদ্ধান্ত নেয় একজন। কিন্তু ওদের একজনের ধ্বংস মানেই তো অপরজনেরও সমাপ্তি।

কিন্তু এই যমজ বোনের গল্প কী কেবলই তাদের গল্প?

না, লেখক শাহযাদ ফিরদাউস তাদের গল্পের মধ্য দিয়ে ভিন্ন এক দর্শন উপস্থাপন করেছেন। যমজ দুই বোনের জায়গায় উপমহাদেশের দুই ধর্মকে কল্পনা করলে লেখকের বিষয় ও বক্তব্য স্পষ্ট হয়। মুসলমানরা যদি শুধু তাদের বোধ নিয়ে থাকতে চায় কিংবা হিন্দুরা যদি নিজেদের বিশ্বাসকে প্রতিষ্ঠা করতে চায় তবে দুই পক্ষই সমূলে নিশ্চিহ্ন হবে। সমস্ত ধর্ম ও ধর্মের মানুষদের উড়িয়ে দিয়ে কেবল আমার ধর্ম এ বিশ্বে অধিপতি হবে— এ দিবাস্বপ্ন বাস্তবায়িত করতে গেলে ধ্বংস অনিবার্য।

কারণ- একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মোসলমান।

আরও