মানুষ তার জীবনের এক-তৃতীয়াংশ সময় কর্মক্ষেত্রে কাটায়। অফিসে কাজ করতে করতে সহকর্মীর প্রতি ভালো লাগা তৈরি হওয়া খুব স্বাভাবিক বিষয়। তবে কর্মক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রেখে এ অনুভূতি সামলানো বেশ চ্যালেঞ্জিং। পরিস্থিতি সামলাতে নীচে রইল ৫ টিপস—
কিছুটা সময় নিয়ে ভাবুন
আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে নিজেকে কিছুটা সময় দেয়া জরুরি। বারবার ভেবে দেখা উচিৎ এই ভালো লাগা কি আসলেই গভীর কোনো অনুভূতি, নাকি কাজের একঘেয়েমি থেকে বাঁচার একটা সাময়িক উপায়?
অনেক সময় এক টানা কাজ করতে করতে আমরা মানসিকভাবে ক্লান্ত থাকি, আর সেই মুহূর্তে কারো সামান্য সহমর্মিতা বা সাহচর্যকেও বিশেষ কিছু মনে হতে পারে। তাই হুট করে কিছু না করে নিজের অনুভূতির গভীরতা যাচাই করতে হবে।
ব্যক্তিগত আবেগ যেন কাজের গুণমান বা অফিসের কাজের পরিবেশে কোনো ব্যাঘাত না ঘটায় সেদিকে খেয়াল রাখা জরুরি
পরিণতির কথা চিন্তা করুন
সহকর্মীর প্রতি ভালো লাগার এ পরিণতি কর্মক্ষেত্রে অবস্থান, টিমের পরিবেশ বা ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলবে কিনা তা পর্যালোচনা করতে হবে। অনেক অফিসে সহকর্মীদের মধ্যে সম্পর্কের বিষয়ে নির্দিষ্ট নিয়ম থাকে। সেগুলো আগে জেনে নিতে হবে। যদি সেই ব্যক্তি সিনিয়র বা জুনিয়র হয়, তবে বিষয়টি আরো জটিল হতে পারে।
সবার আগে নিশ্চিত হতে হবে, যদি আপনি তাকে মনের কথা বলেন আর বিপরীত পাশের মানুষটি তা প্রত্যাখান করে তবে সেই পরিস্থিতি সামলানোর মতো মানসিক পরিপক্কতা আছে কিনা।
ছবি: ফ্রিপিক
যদি কোনো কারণে সম্পর্ক ভেঙে যায়, তবে কীভাবে আপনারা একই অফিসে কাজ চালিয়ে যাবেন, তা নিয়ে আগে থেকেই আলোচনা করা বুদ্ধিমানের কাজ হবে
পেশাদারিত্ব বজায় রাখুন
সম্পর্কটি যদি শুরুই হয় মনে রাখতে হবে সবার আগে সহকর্মী। অফিসের ভেতরে বা ডিজিটাল প্ল্যাটফর্মে সবসময় মার্জিত আচরণ বজায় রাখতে হবে। অসংলগ্ন কোনো আচরণ করা যাবে না। যদি তিনি আপনার প্রস্তাবে সাড়া না দেন, তবে দ্বিতীয়বার তাকে বিরক্ত করবেন না। ব্যক্তিগত আবেগ যেন কাজের গুণমান বা অফিসের কাজের পরিবেশে কোনো ব্যাঘাত না ঘটায় সেদিকে খেয়াল রাখা জরুরি।
সীমানা নির্ধারণ করুন
শেষ পর্যন্ত যদি সম্পর্কে জড়ানোর সিদ্ধান্ত নেন, তবে শুরুতেই কিছু সীমারেখা টেনে নেয়া জরুরি। অফিসের ভেতরে আপনারা কীভাবে আচরণ করবেন কিংবা ব্যক্তিগত সমস্যার প্রভাব যেন কাজে না পড়ে, সে বিষয়ে কথা বলে নিন।
অফিস ও ব্যক্তিগত জীবনকে আলাদা রাখার চেষ্টা করুন। আপনাদের ঝগড়া বা ব্যক্তিগত খুঁটিনাটি যেন অন্য সহকর্মীরা বুঝতে না পারে। নিজে টিম লিডার হলে সঙ্গীর কাজের মূল্যায়ন বা পারফরম্যান্স রিভিউ অন্য কোনো লিডারকে দিয়ে করানোর ব্যবস্থা করুন।
বিকল্প পরিকল্পনা রাখুন
শুনতে খারাপ লাগলেও বাস্তব এটাই যে, সব সম্পর্ক সফল হয় না। যদি কোনো কারণে সম্পর্ক ভেঙে যায়, তবে কীভাবে আপনারা একই অফিসে কাজ চালিয়ে যাবেন, তা নিয়ে আগে থেকেই আলোচনা করা বুদ্ধিমানের কাজ হবে। ব্রেকআপের পর যেন পেশাগত জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখা অত্যন্ত জরুরি।
ফোর্বস অবলম্বনে