বেইজিং ঘোষণা এবং কর্মের জন্য প্ল্যাটফর্মের বাস্তবায়নকে ত্বরান্বিত করতে বিশ্বব্যাপী সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। পাশাপাশি আরো শক্তিশালী অংশীদারিত্ব, বর্ধিত বিনিয়োগ এবং কোনো নারী যাতে পিছিয়ে না থাকে তা নিশ্চিতে নতুন প্রতিশ্রুতির আহ্বান জানান তিনি।
গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) নিউইয়র্কে কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেনের (সিএসডাব্লিউ-৬৯) ঊনবিংশতম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিবৃতি দেয়ার সময় তিনি এ আহ্বান জানান। আজ শুক্রবার ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
শারমীন এস মুরশিদ বলেন, ২০২৪ সালের জুলাই বিদ্রোহের অগ্রভাগে-ফ্যাসিবাদ এবং অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহে তরুণ বিপ্লবীদের মধ্যে ৬৫ শতাংশ নারী ছিল। তিনি বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার জাতিকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার দায়িত্ব নেয় এবং বাংলাদেশের জেন্ডার ল্যান্ডস্কেপ চিরতরে পরিবর্তিত হয়।
উপদেষ্টা বলেছেন, বেইজিং ঘোষণা এবং কর্মের জন্য প্ল্যাটফর্মের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অন্তর্বর্তী সরকার বৈষম্য দূর করতে একটি রূপান্তরমূলক সংস্কার এজেন্ডা শুরু করেছে। প্রথমবারের মতো, লিঙ্গবৈষম্যের প্রতিবন্ধকতাগুলো মোকাবেলায় একটি ‘নারীবিষয়ক সংস্কার কমিশন’ করা হয়েছে। নারীর প্রতি সহিংসতা দূরীকরণকে একটি মৌলিক নারীর ক্ষমতায়ন হিসেবে গড়ে তুলতে এটা করা হয়েছে। দেশের প্রান্তিক পর্যায়ে নারী ও শিশু নির্যাতন ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ভুক্তভোগীর কাছে পৌঁছানোর জন্য কুইক রেসপন্স টিম চালু করেছে।
বিবৃতিতে উপদেষ্টা সিডও অনুচ্ছেদ ১৩ (ধ), ১৬.১ (ভ) এবং ১৬.১ (প) এর সংরক্ষণগুলো অপসারণের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
সিএসডব্লিও-৬৯ অধিবেশনের অংশ হিসেবে উপদেষ্টা শারমীন এস মুরশিদ ‘জেন্ডার সমতা এবং নারী ও মেয়েদের ক্ষমতায়নের জন্য জাতীয় প্রক্রিয়া: এসডিজি অর্জনে অবদান রাখার জন্য বেইজিং প্ল্যাটফর্মের পুনর্নির্মাণ, রিসোর্সিং এবং ত্বরান্বিত বাস্তবায়ন’ বিষয়ক মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশ নেন।
তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বেইজিং প্ল্যাটফর্ম ফর অ্যাকশন বাস্তবায়নে বাংলাদেশের অভিজ্ঞতা এবং সর্বোত্তম অনুশীলনের কথা শেয়ার করেন।
সিএসডব্লিও ৬৯-এর পাশে, উপদেষ্টা শারমীন এস মুরশিদ চীন, সুইডেন, মেক্সিকো এবং ফিনল্যান্ডে তার সমকক্ষদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং নারীর উন্নয়ন, লিঙ্গ সমতা, নারী ও শিশুদের প্রতি সহিংসতা মোকাবেলার প্রচেষ্টা এবং বাংলাদেশে সামাজিক ব্যবসা হিসেবে কেয়ার অর্থনীতির উন্নয়নে সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।
- বাসস