বয়স ৩০ পেরিয়ে এখনো অবিবাহিত, হাসিমুখে দিন কটু কথার জবাব

বিয়ে জীবনের একটি অংশ মাত্র। এটি ছাড়াও কেউ ক্যারিয়ার গড়ে তুলতে ব্যস্ত, কেউ নিজের পছন্দের সঙ্গী খুঁজছেন, কেউবা জীবনের অন্যান্য দিকে মনোযোগ দিয়েছেন। তবুও চারপাশ থেকে ছুটে আসে বাক্যবাণ!

আমাদের সমাজে বয়স অনুযায়ী জীবনধারার মানদণ্ড তৈরি হয়ে গেছে। বিশেষ করে, সামাজিক প্রত্যাশায় পরিণত হয়েছে বিয়ে। পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী, বন্ধুবান্ধব নানা ধরনের মন্তব্য করে। কিন্তু বাস্তবতা হলো, বিয়ে জীবনের একটি অংশ মাত্র। এটি ছাড়াও কেউ ক্যারিয়ার গড়ে তুলতে ব্যস্ত, কেউ নিজের পছন্দের সঙ্গী খুঁজছেন, কেউবা জীবনের অন্যান্য দিকে মনোযোগ দিয়েছেন। তবুও চারপাশ থেকে ছুটে আসে বাক্যবাণ—‘তোমার বয়স তো ত্রিশ পেরিয়ে গেছে, বিয়ে কখন?’ কিংবা ‘এখনো কেন বিয়ে করোনি?’ অথবা ‘তোমার বন্ধু ‍ বিয়ে করে সেটেল হয়ে গেছে, কোল জুড়ে বাচ্চা!’

বয়স ৩০ পেরোনোর পর অনেকেই এ ধরনের প্রশ্নের সম্মুখীন হন। শুরুতে হাসি দিয়ে সামলানো যায়, কিন্তু বারবার এই প্রশ্ন শুনতে শুনতে অনেকের মনে তৈরি হয় চাপ বা অস্বস্তি। যদিও অনেকেই স্বেচ্ছায় অবিবাহিত থাকতে পছন্দ করেন। তবুও অন্যের আগ বাড়িয়ে জিজ্ঞেস করা বন্ধ হয় না। তাই এই ধরনের প্রশ্নের মুখোমুখি হলে হাসিমুখে জবাব দেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আপনার জবাব হতে পারে —

  • আমি আমার জীবন নিয়ে খুশি, বিয়ের জন্য এখনো প্রস্তুত নই।
  • আমি সঠিক মানুষটির জন্য অপেক্ষা করছি।
  • আমার কিছু ব্যক্তিগত কারণ আছে (যদি আপনি এই বিষয়টি নিয়ে আলোচনা করতে না চান।)
  • আরে, এত তাড়াহুড়োর কী আছে? ভালো মনের মানুষ খুঁজে পেতে তো একটু সময় লাগবেই। ( এ ধরনের উত্তর বন্ধুবান্ধব বা পরিচিতদের সঙ্গে ব্যবহার করতে পারেন।)
  • তোমরা আমার জন্য একটু খুঁজে দাও না, আমি তো আর ভালো মানুষ খুঁজে পাই না! (পরিস্থিতি হালকা করতে মজার ছলে এ ধরনের জবাব দিতে পারেন)
  • আমার স্বাধীন, ঝামেলাহীন জীবন দেখে কি তোমার হিংসে হচ্ছে?

তবে জবাব দেয়ার সময় পরিস্থিতি বুঝুন। যিনি প্রশ্ন করছেন, তিনি আপনার বন্ধু নাকি আত্মীয় বা অফিসের সহকর্মী, সেটা বুঝুন। সম্পর্কের গভীরতা অনুযায়ী উত্তর দিন। আপনার উত্তরে বিনয় রাখুন, আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলুন। যদি বারবার আপনার দিকে একই ব্যক্তির কাছ থেকে একই প্রশ্ন আসতে থাকে এবং তা আপনাকে বিরক্ত করে, তবে বিনয়ের সঙ্গে বলুন যে, আপনি বিষয়টি নিয়ে কথা বলতে চান না।

৩০ পেরোনোর পরও অবিবাহিত থাকা মানেই জীবনে ব্যর্থতা নয় — হালকা হাসি আর আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দিন সমাজকে।

টাইম ম্যাগাজিন অবলম্বনে

আরও