পরিচর্যায় খুব বেশি সময় দিতে হয় না বলে ঘর কিংবা অফিস ডেস্ক সাজাতে মানিপ্ল্যান্টের কদর বরাবরই ভালো। কিন্তু অল্প যত্নে বেড়ে ওঠে মানেই যে গাছটির কোনো পরিচর্যারই প্রয়োজন নেই, তা কিন্তু নয়।
চলুন জেনে নেই, কীভাবে সতেজ ও সুন্দর রাখবেন মানিপ্ল্যান্ট।
গাছ বেড়ে ওঠার শর্ত
- প্রয়োজন মতো পানি
- সূর্যালোক, তবে সরাসরি নয়
- কাটছাঁট
- রোগের হাত থেকে রক্ষা
- প্রয়োজন মতো সার
যত্ন নেবেন যেভাবে
- মানিপ্ল্যান্টে পানি দেবেন। তবে কিন্তু কখন, কতটা পানি দেবেন তা জানা থাকা জরুরি। অতিরিক্ত পানি দিলে গোড়া পচে যাবে। আবার কম পানি দিলে গাছ শুকিয়ে যাবে। তাই মানিপ্ল্যান্টের মাটি শুকিয়ে গেলে পানি দিতে হবে ভালো করে। তারপর অপেক্ষা করতে হবে যতক্ষণ না মাটি আবার শুকিয়ে যাচ্ছে। সাধারণত ৫-৬ দিন পরপর মানিপ্ল্যান্টের মাটি পানি দেয়ার উপযুক্ত হয়।
- মানিপ্ল্যান্টের পাতা হলদে হয়ে যাওয়া থেকে রুখতে মাটি হতে হবে আলগা। সেই সঙ্গে ভালোভাবে আলো-হাওয়া চলাচলের উপযুক্ত। মাঝেমধ্যে মাটি খুঁড়ে দিতে হবে। আর ৪-৬ সপ্তাহ অন্তর তরল জৈব সার দিতে পারেন।
- এই গাছ ঘরে ভালো থাকে বলে একেবারেই রোদের দরকার নেই, তা কিন্তু নয়। বরং জানলার পাশে যেখানে রোদের তাপ থাকে, হালকা সূর্যালোক থাকলেও সরাসরি রোদ পড়ে না তেমন জায়গায় রাখতে পারেন।
- মাঝেমধ্যে গাছের নিচের পাতা এবং কাণ্ড ছেঁটে দিতে হবে। না হলে গাছটি এলোমেলোভাবে বেড়ে যাবে। দেখতেও ভালো লাগবে না।