সুস্থ থাকার সহজ ও কার্যকর উপায় হিসেবে পুষ্টিবিজ্ঞানীরা এখন ‘রেইনবো ডায়েট’ বা রঙধনু খাদ্যাভ্যাসের ওপর গুরুত্ব দিচ্ছেন। পাতে যত বেশি রঙের সমাহার থাকবে, শরীর তত বেশি পুষ্টি পাবে। সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় দেখা গেছে, প্রতিদিনের খাবারে বৈচিত্র্যময় রঙের প্রাকৃতিক উপাদান যুক্ত করা দীর্ঘমেয়াদী রোগমুক্তির অন্যতম চাবিকাঠি।
কী এ রেইনবো ডায়েট?
রঙধনু খাদ্যাভ্যাস মূলত প্রতিদিনের খাদ্যতালিকায় বিভিন্ন রঙের প্রাকৃতিক ফলমূল ও শাকসবজি রাখার পদ্ধতি। লাল টমেটো, কমলা গাজর, হলুদ ক্যাপসিকাম, সবুজ শাক, নীল বেরি কিংবা বেগুনি বেগুনের মতো বাহারি সব উপাদানে থাকে বিশেষ ধরনের ‘ফাইটোনিউট্রিয়েন্ট’ ও অ্যান্টি-অক্সিডেন্ট। খাবারের এ রঞ্জক পদার্থগুলোই মূলত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখে।
ভারতের জয়পুরের সিকে বিড়লা হাসপাতালের পুষ্টি বিভাগের প্রধান ড. অংশু চতুর্বেদী জানান, ফাইটোনিউট্রিয়েন্ট এমন এক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ও অন্যান্য শারীরিক প্রক্রিয়া সচল রাখতে কাজ করে।
কলকাতা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটের (সিএমআরআই) পুষ্টিবিদ দেবলীনা দত্ত বলেন, লাল রঙের খাবারে থাকে লাইকোপিন ও অ্যান্থোসায়ানিন; সবুজে আছে ক্লোরোফিল, ভিটামিন কে ও ফোলেট। আবার হলুদ-কমলা রঙের খাবার মানেই বিটা-ক্যারোটিন ও ভিটামিন সি-র ভাণ্ডার। এ যৌগগুলো অ্যান্টি-ইনফ্লেমেটরি হিসেবে কাজ করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
স্বাস্থ্যে রঙের প্রভাব
বিশেষজ্ঞদের মতে, খাবারের এই রঙের বৈচিত্র্য শরীরের পুষ্টির চাহিদা পূর্ণাঙ্গভাবে মেটাতে সাহায্য করে। রেইনবো ডায়েটের প্রধান উপকারিতা হলো:
- রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা ও সংক্রমণ কমানো।
- উচ্চ ফাইবার বা আঁশ থাকায় অন্ত্রের স্বাস্থ্য রক্ষা।
- কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস।
- ডায়াবেটিস ও ফ্যাটি লিভারের মতো বিপাকীয় ব্যাধি প্রতিরোধ।
- ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ ও ক্যান্সারের ঝুঁকি কমানো।
রঙের কাজ ও উৎস:
- সবুজ (পালং শাক, মটরশুঁটি, শসা): হৃদযন্ত্র ভালো রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়।
- লাল ও বেগুনি (টমেটো, চেরি, বেরি): মস্তিষ্কের কার্যক্ষমতা ও স্মৃতিশক্তি বাড়ায়।
- হলুদ ও কমলা (গাজর, পেঁপে, মিষ্টি কুমড়া): দৃষ্টিশক্তি উন্নত করে এবং ত্বক ভালো রাখে।
- সাদা (ফুলকপি, মাশরুম, কলা): হাড়ের স্বাস্থ্য রক্ষা ও হজমে সহায়তা করে।
ভ্রম ও বাস্তবতা
তবে রঙিন খাবার খাওয়া মানে এই নয় যে কার্বোহাইড্রেট, প্রোটিন বা ফ্যাট বাদ দিতে হবে। বরং এগুলো সুষম খাবারের অংশ। দেবলীনা দত্তের মতে, রেইনবো ডায়েট মানেই বিদেশি বা দামি খাবার নয়। ঋতুভেদে আম, গাজর বা বিচিত্র সব শাকসবজি পাওয়া যায়, যা এ ডায়েটের জন্য আদর্শ।
তবে প্রচলিত ভুল ধারণা হলো—জুস বা স্মুদি বানিয়ে এসব রঙিন খাবার খাওয়া। ড. চতুর্বেদী সতর্ক করে বলেন, "জুস করার ফলে ফাইবার নষ্ট হয়ে যায় এবং চিনির ঘনত্ব বাড়ে। আস্ত ফল বা সবজি চিবিয়ে খাওয়া অধিক হজম সহায়ক।