তাপমাত্রার পারদ ক্রমশ নামছে। ঠাণ্ডা যেমন আমাদের জন্য অস্বস্ত্বিকর, পোষা কুকুর-বিড়ালের জন্যও তাই। আর সেজন্য নিজের মতো ঘরে পোষা প্রাণীটিরও বিশেষ যত্ন নিতে হবে এ সময়টায়। তাদের সুস্থ রাখতে প্রয়োজন বাড়তি সতর্কতা।
পোষ্যর থাকার জায়গা
শীতের সময় রাতে কিংবা ভোরবেলায় কুকর-বিড়াল বাইরে না রাখাই ভালো। যদি কুকুরকে হাঁটাতে হয়, তাহলে সকাল বা সন্ধ্যার সময় বেছে নিন। কুয়াশা পড়লে বাইরে না নেয়াই শ্রেয়।
গ্রামাঞ্চলে অনেক সময় কুকুর ঘরের বাইরে বা খোলা আঙিনায় ঘুমায়। তাদের ঘুমোনোর জায়গা খড় বা পুরনো কম্বল দিয়ে উষ্ণ করা জরুরি। বিড়ালদের জন্য ঘরের উষ্ণ কোণ বা বালিশে একটা নরম কাপড় বিছিয়ে দিন। শহরের বাসায় মেঝেতে পুরনো কম্বল বিছিয়ে রাখতে পারেন।
পোষ্যর গোসল
শীতে ঘন ঘন গোসল করালে পোষ্যদের ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। বিশেষজ্ঞরা সাধারণত সপ্তাহে একবার গোসল করানোর পরামর্শ দেন। সেটাও রোদ থাকাকালীন। গোসলের পরে শুকনো তোয়ালে দিয়ে ভালোভাবে মুছে দিতে হবে। প্রয়োজনে হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারেন। শরীর বেশি সময় ভিজে থাকলে ঠান্ডা লেগে যাওয়ার আশঙ্কা থাকে। বিড়াল সাধারণত গোসল করতে পছন্দ করে না। শুকনো ওয়াইপস বা হালকা ভেজা কাপড় দিয়ে শরীর মুছে পরিষ্কার রাখলেও চলবে।
গরম পোশাক পরান
ছোট জাতের কুকুর ও কম লোমওয়ালা বিড়ালের সহজে ঠান্ডা লাগে। বাইরে হাঁটতে নিয়ে গেলে হালকা সোয়েটার বা জ্যাকেট পরান। শহরের পোষ্য প্রাণীর দোকানগুলোয় বিভিন্ন রকমের উষ্ণ পোশাক পাওয়া যায়।
স্বাস্থ্যকর ও গরম খাবার
শীতে শরীরের তাপমাত্রা ঠিক রাখতে পোষ্যের বাড়তি এনার্জি দরকার হয়। তাই তাদের খাবারে একটু প্রোটিন ও ফ্যাট বাড়িয়ে দিন। মুরগীর মাংস, মিষ্টি আলু, সবুজ শাক, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার পুষ্টিকর ও শরীরকে উষ্ণ রাখে। শীতকালে খাবার হালকা গরম করে দিন। পানির বাটি নিয়মিত পরিষ্কার করুন।
শীতে মানুষের মতো কুকুর-বেড়ালও কম পানি খায়। তাই তাদের ঘন ঘন পানি খাওয়াতে হবে।
শীতে পোষ্যরাও অলস হয়ে পড়ে। তাই রোদ দেখে নিয়মিত হাঁটাতে বের করুন। রাস্তা ভেজা থাকলে ফিরে এসে পা মুছিয়ে পেট্রোলিয়াম জেলি মাখিয়ে দিন।
কাশি, শ্বাসকষ্ট, চোখ দিয়ে জল পড়া বা ত্বকের রুক্ষতা দেখা দিলে দেরি না করে পোষ্য প্রাণীটিকে চিকিৎসকের কাছে নিয়ে যান। নিয়মিত টিকা, কৃমিনাশক ও ফ্লি ট্রিটমেন্ট আপডেট রাখুন। পোষ্য যদি অলস হয়ে পড়ে বা খাবারে আগ্রহ হারায়, সেটি ঠান্ডা-জনিত অসুস্থতার লক্ষণ হতে পারে।