ভাঁজ না করেও সাজিয়ে রাখতে পারেন কম্বল

শীতের সঙ্গী লেপ, কম্বল। শীতের শুরুটা এদের ছাড়া কাটিয়ে দিলেও, পুরো শীতটা কিন্তু কাটাতে হয় লেপ-কম্বলের সঙ্গেই। কিন্তু শীতের সকালে উঠে সমস্যা সেই একটাই! কম্বল ভাঁজ করে রাখবেন কোথায়? বিছানায় পায়ের কাছে কম্বল ভাঁজ করে রাখলে কিন্তু ওঠা নামায় বেশ ঝক্কি পোহাতে হয়।

আবার সাত সকালে অনেকেরই থাকে অফিস যাবার তাড়া। ভারি লেপ-কম্বল ভাঁজ করে রেখে যাওয়ার সময় হয়ে ওঠে না। ভাবুন তো, কম্বল এলোমেলো রেখেই বের হয়েছেন ঘর থেকে, তারপর সন্ধ্যায় বাড়ি ফেরার পথে জুটে গেল কোনো বন্ধু। তাকে নিয়েই ফিরবেন বাড়ি। তখন নিশ্চয়ই মাথায় ঘুরতে থাকবে, এলোমেলো ঘর দেখে বন্ধুটি কী ভাবল?

এ ধরণের সমস্যা দূর করারও কিছু উপায় আছে। ভাঁজ না করে কম্বল এমনভাবেও রাখা যায়, যাতে ঘরের শোভাও বৃদ্ধি পায়।

মইয়ের মতো তাকে রাখুন কম্বল

কম্বল ভাঁজ না করে ঝুলিয়ে রাখতে মইয়ের মতো তাক বানিয়ে নিতে পারেন ঘরে। কাঠ অথবা প্লাইউডের তৈরি তাকে পর পর ভাঁজ করে অথবা গোল করে গুছিয়ে রাখতে পারেন কম্বল। এভাবে কম্বল রাখলে মনে হবে এটি ঘরের অন্দরসজ্জারই একটা অংশ।

দেয়ালে ঝুলিয়ে দিতে পারেন কম্বল

দেয়ালে রড লাগিয়ে সুদৃশ্য কম্বল ঝুলিয়ে রাখতে পারেন। কেউ ঘরে ঢুকলে মনে করবে সেটি ঘর সাজানোর জন্যই ও ভাবে রাখা হয়েছে।

ঝুড়ির ব্যবহার

অনেক সময় কম্বল বা লেপ ভাঁজ করার সময় হয় না। তখন সুদৃশ্য ঝুড়িতে তা গুটিয়ে রাখতে পারেন। কম্বল বা ঘরের জিনিসপত্র রাখার জন্য বেতের, প্লাস্টিকের, জুটের বিভিন্ন আকারের ঝুড়ি পাওয়া যায়। সেগুলি দেখতেও বেশ নান্দনিক। আবার ভাঁজ করা কম্বলও সেখানে রাখতে পারেন।

বিছানায় পেতে রাখুন কম্বল

শৌখিন পাতলা কম্বল হলে তা বিছানার চাদরের মতো পেতে রাখতে পারেন। তবে সারা দিন যদি বিছানাটি ব্যবহার না হয়, তবেই এই কৌশল সুবিধাজনক হবে।

আরও