একজিমা, সোরিয়াসিস কিংবা রোদে পোড়া ত্বকের চিকিৎসায় চিকিৎসকরা দীর্ঘদিন ধরেই এলইডি প্রযুক্তি ব্যবহার করে আসছেন। তবে বর্তমানে সৌন্দর্যচর্চার বাজারে ‘অ্যাট-হোম এলইডি মাস্ক’ বিশাল শিল্পে পরিণত হয়েছে। যুক্তরাজ্যের বাজারে এ মাস্কের মূল্য ৪০ পাউন্ড থেকে ১ হাজার ৫০০ পাউন্ড, তা সত্ত্বেও তরুণ প্রজন্মের মাঝে উন্মাদনার শেষ নেই। ধারণা করা হচ্ছে, ২০৩২ সালের মধ্যে বিশ্বজুড়ে এলইডি ডিভাইসের বাজার প্রায় ৬০০ মিলিয়ন পাউন্ডে পৌঁছাবে।
অন্যদিকে বাংলাদেশের বাজারে এলইডি মাস্কের মূল্য ১ হাজার ৭০০ টাকা থেকে শুরু করে ৬ হাজার টাকা।
প্রযুক্তির নেপথ্যে
চর্মরোগ বিশেষজ্ঞ ড. জোনাথন কেন্টলির মতে, এলইডি প্রযুক্তি মূলত ত্বকের ওপর আলোক শক্তি প্রয়োগ করে কোষের পরিবর্তন ঘটায়, যাকে বিজ্ঞানের ভাষায় ‘ফোটোবায়োমোডুলেশন’ (পিবিএম) বলা হয়। এ প্রক্রিয়ায় ত্বকে নতুন রক্তনালী ও কোষ গঠিত হয় এবং কোলাজেন ও ইলাস্টিন উৎপাদন বৃদ্ধি পায়। এছাড়া প্রদাহরোধী গুণের কারণে এটি ব্রণের সমস্যা কমাতেও সহায়ক। নব্বইয়ের দশকে কোষের পুনরুৎপাদনে এলইডির প্রভাব নিয়ে নাসাও গবেষণা শুরু করেছিল।
মেডিক্যাল ডিভাইস বনাম ঘরোয়া মাস্ক
চিকিৎসকের চেম্বারে ব্যবহৃত যন্ত্র ও বাজারের সাধারণ মাস্কের মধ্যে প্রধান পার্থক্য এলইডির শক্তি, বাল্বের সংখ্যা ও কার্যকারিতার। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের নিউরোসায়েন্টিস্ট অধ্যাপক ড. জাস্টিন ক্লুক জানান, ঘরোয়া মাস্কগুলো জনপ্রিয় হলেও এগুলোর কার্যকারিতা নিয়ে বড় ধরনের কোনো ক্লিনিক্যাল ট্রায়াল বা পরীক্ষা এখনো হয়নি। এগুলোর ফলাফল নিয়ে আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারছি না। আমার মনে হয় এর প্রভাব খুবই সামান্য।
কভিডের পর থেকে মানুষের ঘরে বসে রূপচর্চার আগ্রহ বেড়েছে। স্কিনকেয়ার বিপণন প্লাটফর্ম কারেন্টবডির প্রধান নির্বাহী লরেন্স নিউম্যান জানান, নারীরা এখন বোটক্স বা ফিলারের মতো কাটাছেঁড়াযুক্ত পদ্ধতির পরিবর্তে ‘নন-ইনভাসিভ’ বা প্রাকৃতিক উপায়ে সৌন্দর্য বাড়াতে আগ্রহী। ১০ মিনিটের এ মাস্ক ব্যবহারেই ত্বকে এক ধরনের তাৎক্ষণিক উজ্জ্বলতা বা ‘গ্লো’ আসে বলে গ্রাহকদের দাবি।
টিকটক বা ইনস্টাগ্রামে এ মাস্ক পরে ছবি বা ভিডিও পোস্ট করা বর্তমানে ট্রেন্ডে পরিণত হয়েছে। ২৯ বছর বয়সী কন্টেন্ট ক্রিয়েটর নাটালি ও’নিল জানান, কৌতূহল থেকেই তিনি মাস্কটি ব্যবহার শুরু করেন এবং কয়েক সপ্তাহের মধ্যে ত্বকের উজ্জ্বলতা ও ব্রণের দাগ কমার ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করেন।
এলইডি প্রযুক্তি সাধারণত কোষের কোনো ক্ষতি করে না। তবে এলইডি মাস্ক ক্রয় ও ব্যবহারে ডিভাইসের ‘নিরাপত্তা সনদ’ ও এতে এলইডির বাল্বের ঘনত্ব যাচাই করে নেয়ার পরামর্শ দিয়েছেন ড. কেন্টলি।
বিবিসি অবলম্বনে