অফিসের কাজে চাপ—এ যেন সবার জীবনেরই এক অবিচ্ছেদ্য অংশ। যুক্তরাষ্ট্রের এক সমীক্ষায় দেখা গেছে, প্রায় ৮৩ শতাংশ কর্মী নিয়মিতভাবে কর্মক্ষেত্রে চাপের মধ্যে থাকেন। এই চাপ কখনো আসে অতিরিক্ত কাজের বোঝা থেকে, কখনো সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি থেকে, আবার কখনো আসে দায়িত্বের ভারসাম্যহীনতা থেকে।
চাপ অবহেলা করলে তা শুধু কাজের গতি নয়, শারীরিক ও মানসিক সুস্থতাকেও প্রভাবিত করে। তবে সঠিক কৌশল মেনে চললে এই চাপকে নিয়ন্ত্রণে আনা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, কিছু সহজ পদক্ষেপ চাপকে শুধু ভাঙন থেকে নয়, বরং উন্নতির সুযোগে রূপান্তর করে।
১. মনে রাখুন- চাপ সবসময় খারাপ নয়
চাপ মানেই যে ক্ষতিকর তা নয়। নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করার চাপ আপনাকে আরো মনোযোগী ও সক্রিয় করে তুলতে পারে। তবে যখন চাপ সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তখন একটু বিরতি নিন। কিছু সময় ডেস্ক থেকে দূরে গিয়ে মাথা ঠাণ্ডা করুন। মনে রাখবেন, সবকিছু আপনার নিয়ন্ত্রণে নেই—টেকনিক্যাল সমস্যা, শেষ মুহূর্তের নতুন চাহিদা বা অনাগ্রহী সহকর্মী সবসময় আসবেই।
২. ইতিবাচক মানসিকতা গড়ে তুলুন
চাপে ভেঙে না পড়ে চিন্তাভাবনা পাল্টে দেখুন। নিজেকে দোষারোপ না করে বলুন— আমি ব্যর্থ নই। এ অভিজ্ঞতা থেকে শিখেছি, পরেরবার আরো ভালো করব।
৩. নিজের সীমা চিনুন
প্রতিদিনের কাজের তালিকা করে অগ্রাধিকার ঠিক করুন। সব কাজ একসঙ্গে শেষ করতে গিয়ে নিজেকে বিপদে ফেলবেন না। প্রয়োজনে ‘না’ বলতে শিখুন। এটি আপনার কাজের মান ও মানসিক শান্তি দুটোই বজায় রাখবে।
৪. সহকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ান
চাপ অনেক সময় একাকিত্ব থেকে আরো বেড়ে যায়। তাই সহকর্মীদের সঙ্গে কথা বলুন, মতামত নিন বা সাহায্য চান। একটি সহযোগিতামূলক পরিবেশ কাজকে সহজ ও চাপমুক্ত করে তোলে।
৫. কৃতজ্ঞতার কথা লিখে রাখুন
কৃতজ্ঞতার ওপর মনোযোগ দিলে মানসিকতা স্ট্রেস থেকে ইতিবাচকতায় পরিবর্তিত হয়। ডেস্কে একটি ছোট নোটপ্যাড বা স্টিকি নোট রাখুন। প্রতিদিন আপনি যে জিনিসটির জন্য কৃতজ্ঞ তা লিখে রাখুন। এই সহজ অনুশীলনটি আপনার মেজাজকে শান্ত রাখবে, ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করবে আর অতিরিক্ত চাপের অনুভূতি কমাবে।
চাপ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায় হলো নিয়মিত ব্যায়াম, সুষম খাবার, পর্যাপ্ত পানি পান ও ভালো ঘুম।এছাড়া দিনের মাঝখানে ছোট ছোট বিরতি নিন। অফিস ডেস্ক থেকে উঠে হেঁটে আসুন বা কয়েক মিনিট গভীর শ্বাস-প্রশ্বাস নিন।