সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয়, ভরসা আর আস্থার এক অদৃশ্য বন্ধন। কিন্তু অনেক সময়ই বড় কোনো প্রতারণা ছাড়াই ছোট ছোট আচরণের কারণে সেই আস্থায় ফাটল ধরতে শুরু করে। বিশেষজ্ঞরা এ আচরণকেই বলেন মাইক্রো-চিটিং।
কিন্তু আসলে কী এ মাইক্রো-চিটিং? দাম্পত্য সম্পর্কে থাকার পরেও কাউকে ইঙ্গিতপূর্ণ মেসেজ দেয়া বা কারো সঙ্গে ইঙ্গিতপূর্ণ আচরণ করাকে মাইক্রো চিটিং বলে। মোট কথা, শারীরিক ও মানসিকভাবে কারো সঙ্গে জড়িয়ে না পড়েও ক্রমাগত ফ্লার্ট করা বা ইঙ্গিতপূর্ণ কথা বলা হলো 'মাইক্রো-চিটিং'।
ধরা যাক, আপনার সঙ্গী নিয়মিত কারো সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘাটছেন, পুরনো প্রেমিকাকে গোপনে ইনবক্স করছেন, বা কারো সঙ্গে অতিরিক্ত ফ্লার্ট করছেন অথচ বিষয়টি আপনার সঙ্গীর কাছ থেকে লুকোচ্ছেন। আবার কেউ কেউ অফিসের সহকর্মীর সঙ্গে গোপন ঘনিষ্ঠতা তৈরি করেন, যেটা বাইরের চোখে ‘স্রেফ বন্ধুত্ব’ মনে হলেও সঙ্গীর কাছে অস্বস্তির কারণ হতে পারে। এগুলো হয়তো সরাসরি বিশ্বাসঘাতকতা নয়, কিন্তু সম্পর্কের স্বচ্ছতার জায়গায় প্রশ্ন তোলে।
মনোবিজ্ঞানীরা বলছেন, মাইক্রো-চিটিং একধরনের ‘গ্রে এরিয়া’। অর্থাৎ এখানে সবকিছু সাদা-কালো নয়। কারো কাছে নির্দোষ বন্ধুত্ব, অন্যের কাছে সেটা প্রতারণার সীমারেখা ছোঁয়া। তাই মূল ব্যাপারটা নির্ভর করে দু’জন মানুষের পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ওপর।
একদিকে সোশ্যাল মিডিয়ার সহজলভ্যতা, অন্যদিকে কর্মজীবনের চাপ—এ দুইয়ের ফাঁকে অনেকেই অজান্তেই এমন আচরণে জড়িয়ে পড়েন। কিন্তু দিনের শেষে প্রশ্নটা থেকে যায়—এ ছোট ছোট অসততা কি সত্যিই নির্দোষ? নাকি সম্পর্ক ভাঙনের নীরব সূচনা?
সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, কারো সঙ্গে ওপেন রিলেশনশিপে থাকা অবস্থায় মাইক্রো চিটিং গ্রহণযোগ্য নয়। এ ধরনের আচরণে অপরাধবোধ তৈরি হয়। আর সেটা সম্পর্ককে ভেতর থেকে ক্ষয় করতে শুরু করে। তাই সতর্ক থাকা জরুরি। সঙ্গীর সঙ্গে খোলামেলা আলাপ, সীমারেখা নির্ধারণ ও পরস্পরের প্রতি স্বচ্ছতা বজায় রাখাই হলো সমাধান।