গবেষণা

মেদ কমাতে সহায়ক হতে পারে বরফ ভেস্ট ও ঠান্ডা পানিতে গোসল

ঠান্ডা তাপমাত্রার সংস্পর্শ শরীরের ব্রাউন ফ্যাট সক্রিয় করতে পারে, যা শরীরের চর্বি ব্যবহার করে তাপ উৎপন্ন করে এবং ক্যালরি খরচ বাড়ায়

বরফ-ভেস্ট পরা বা প্রতিদিন ঠান্ডা পানিতে গোসলের মতো ঠান্ডা পরিবেশের নিয়মিত সংস্পর্শ ওজন কমাতে সহায়ক হতে পারে বলে নতুন এক গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে।

যুক্তরাজ্যের নটিংহাম ইউনিভার্সিটি ও নেদারল্যান্ডসের লেইডেন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের গবেষকরা অতিরিক্ত ওজন ও স্থূলতায় ভোগা ৪৭ জন প্রাপ্তবয়স্ককে নিয়ে এ গবেষণা পরিচালনা করেন।

গবেষণায় অংশগ্রহণকারীদের অর্ধেককে প্রতিদিন সকালে দুই ঘণ্টা করে বরফ-ভেস্ট ও কোমর বেল্ট পরতে দেয়া হয়। জেলভর্তি কুলিং প্যাকযুক্ত এসব ভেস্ট আগের রাতে ফ্রিজারে রাখা হতো এবং প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় রাখত।

ছয় সপ্তাহের পর্যবেক্ষণে দেখা যায়, বরফ-ভেস্ট ব্যবহারকারীদের গড় ওজন ৯০০ গ্রাম কমেছে, যার প্রায় পুরোটাই শরীরের চর্বি। অন্যদিকে একই সময়ে স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যাওয়া ব্যক্তিদের গড় ওজন ৬০০ গ্রাম বেড়েছে।

গবেষকরা বলছেন, ঠান্ডা তাপমাত্রার সংস্পর্শ শরীরের ব্রাউন ফ্যাট সক্রিয় করতে পারে, যা শরীরের চর্বি ব্যবহার করে তাপ উৎপন্ন করে এবং ক্যালরি খরচ বাড়ায়।

গবেষণার প্রধান গবেষক ড. মারিয়েট বুন বলেন, ঠান্ডার সংস্পর্শে থাকার দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে এটি প্রাথমিক পর্যায়ের গবেষণা। ঘরে বসেই ব্যবহারযোগ্য এ ধরনের ভেস্ট জীবনযাপনের সঙ্গে সহজে যুক্ত করা গেলে তা ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

সহ-গবেষক অধ্যাপক হেলেন বাজ বলেন, দৈনিক ঠান্ডা সংস্পর্শ লিপিড, গ্লুকোজ ও প্রদাহজনিত সূচকের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে, যা কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমাতে সহায়ক।

গবেষকরা এখন পৃথক আরেকটি গবেষণায় ঠান্ডা পানিতে গোসলের প্রভাব বিশ্লেষণ করছেন। সেখানে অংশগ্রহণকারীদের ৯০ সেকেন্ড সবচেয়ে ঠান্ডা পানিতে গোসল করতে বলা হচ্ছে।

তবে গবেষকদের মতে, ঠান্ডা পানিতে সাঁতার বা আকস্মিক ঠান্ডা সংস্পর্শের প্রভাব ভিন্ন হতে পারে, কারণ এতে ‘ঠান্ডা শক’সহ অতিরিক্ত শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া যুক্ত হয়।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পদ্ধতি ওজন কমানোর বিকল্প নয়; বরং সুষম খাদ্যাভ্যাস ও শারীরিক কার্যক্রমের পাশাপাশি সহায়ক ভূমিকা রাখতে পারে।

দ্য গার্ডিয়ান অবলম্বনে

আরও