ঈদের আনন্দের অন্যতম অনুসঙ্গ বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরতে যাওয়া। ব্যস্ত জীবনে ঈদের ছুটিতে সবাই তাই সেরে নিতে চায় মোলাকাত-মোহাব্বতের গুরু দায়িত্ব। এ কারণেই ঈদ আয়োজনে অন্দরমহলকে গুছিয়ে নেয়ার ভাবনাই থাকে প্রধান।
প্রস্তুতি নিন
ঈদের অন্তত সপ্তাহ-খানেক আগে থেকে পরিবর্তন ও গোছগাছ শুরু করলে ভালো। ভারি কাজগুলো আগে থেকেই করে নিন। ঘরে ময়লা সাফসুতরো করার কাজটি আগে থেকেই করতে হবে। ঈদের আগের দিনের জন্য সব কাজ ফেলে রাখলে চাপ পড়বে শরীর ও মনে।
নতুন করে সাজানো
ঈদ উপলক্ষ্যে যদি নতুন কোনো আসবাব কেনার প্রসঙ্গে আসে, সেক্ষেত্রে অবশ্যই তা নির্ভর করবে ঘরের আকার-আয়তন এবং নিজেদের প্রয়োজন অনুযায়ী। এছাড়াও ঘরের জিনিসপত্র ঘরের মধ্যেই অদল বদল করে রাখা যায়। ঘরের জিনিসপত্র যদি অদল বদল করা হয় এতে করে ঘরের আকার এবং আয়তন দেখতে অন্যরকম লাগে এবং ঘরকে বেশ নতুন মনে হয়।
ড্রয়িং রুম
রিবারের লোক থেকে শুরু করে আত্মীয়-স্বজন সবাই প্রথমে ভিড় জমাবে ড্রয়িং রুমে। ঈদে টিভিতে বিশেষ অনুষ্ঠান দেখার জন্য সবাই একত্রিত হবে ড্রয়িং রুমেই। ড্রয়িং রুমকে অবশ্যই সুন্দর করে সাজাতে হবে। সেই ক্ষেত্রে কুশন এবং পর্দা ব্যবহারটাই ড্রইংরুমে বেশি দেখা যায়। পাশাপশি, দেয়ালে লাগাতে পারেন বিভিন্ন ধরনের ফ্রেম ও ওয়ালম্যাট।
ডাইনিং টেবিল
ঈদের দিন তুলে রাখা ডিনার সেট কিংবা নতুন কেনা ডিনার সেট দিয়ে টেবিল সাজাতে পারেন। এছাড়া টেবিলের মাঝে বিভিন্ন ধরনের ফুলদানি, টেবিলের মাঝে একটা লম্বা শতরঞ্জি রাখা যায়। সেই সঙ্গে টেবিলে কাটলারিসেট থাকলে সকলেরই খাবার খেতে সুবিধা হবে।
লাইটিং
ঈদের আলোকসজ্জায় জুড়ি নেই পেনডেন্ট লাইটের। বসার ঘরে লাগাতে পারেন রকমারি পেনডেন্ট লাইট। স্টিল, পিতল ইত্যাদি ব্যবহার করে একটি বা দুটি আলোর সেট। বড় বসার ঘরে অথবা ফলস সিলিং বসানো থাকলে সোফার এক পাশে রাখতে পারেন গাছের আদলের পেনডেন্ট লাইট। লাইটের আলো গাছ বা যেকোনো শোপিসের সৌন্দর্য দ্বিগুণ করে তুলবে।
পর্দা ও চাদর
বিছানায় ঈদের দিনে নতুন চাদর বিছাবে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। যেহেতু পুরো গ্রীষ্মকালকে কেন্দ্র করে ঈদ করেছে সেই ক্ষেত্রে অবশ্যই একটু উজ্জ্বল এবং হালকা রংয়ের ব্যবহার করতে হবে। অবশ্যই বিছানা চাদর যাতে সুতি কাপড়ের হয় এবং উজ্জ্বল রঙের হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং পর্দা গুলো যেন বেশ উজ্জ্বল হালকা রঙের হয় সেদিকে লক্ষ্য রাখুন।
রাগস ও কার্পেট
পুরো ডেকরকে বদলাতে বা কিছু কিছু অংশ উজ্জ্বল করতে রাগস বা কার্পেটের জুড়ি নেই। চকচকে বা উজ্জ্বল রঙের রাগসগুলো ঘরকে মুহূর্তেই উজ্জ্বল করে তুলতে পারে। ঘরের দেয়ালের রং যেমনই হোক না কেন রঙিন বা বাহারি নকশার রাগসগুলো সবসময়ই ঘরে নতুন আবহ দেয়।