মোমের স্নিগ্ধ আলোয় সাজবে ঘর

ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে বিভিন্ন আকৃতির মোম তৈরি করা হয় বিভিন্ন নান্দনিক দোকানগুলোয়। সেখানে গিয়ে নিজের পছন্দমতো মোমবাতি নিয়ে সাজিয়ে তুলুন আপনার সাধের ঘরটি।

অন্ধকার দূর করতে মোমের আলোর প্রয়োজন ফুরিয়েছে বহু বছর হলো। তবে আধুনিক নগরজীবনে নিজেকে এখনো প্রাসঙ্গিক করে রেখেছে এটি। নান্দনিক অন্দরসজ্জার অন্যতম অনুসঙ্গ হয়ে ওঠেছে মোম।

আগের দিনের মানুষেরা মোমবাতি ব্যবহার করত লোডশেডিংয়ের সময়। তারা তাদের ভাবনার মধ্যে অন্তর্ভুক্ত করতে পারেনি যে, এটা গৃহের সৌন্দর্য বৃদ্ধি করতে প্রয়োজন হতে পারে। কিন্তু বর্তমানে নানা রঙের মোমবাতির দেখা মিলবে শৈল্পিক মানুষের ঘরে। এর ব্যবহারেও বৃদ্ধি পেয়েছে নান্দনিক বিভিন্ন মাত্রা।

মোমের নিভু নিভু আলোতে ঘরে ফুটে ওঠে আলো আঁধারির এক মায়াবী সৌন্দর্য । নানা আকৃতির এবং নানা রঙের কাচের বাটিতে জরি দিয়ে ভাসিয়ে দিতে পারেন পছন্দসই মোমবাতি ।

আবার উৎসবের আমেজেও নতুন ভাষা সৃষ্টি করে মোমের আলো। খাবার সময় টেবিলের কোণে রাখা মোমবাতিটি জ্বালিয়ে নিন। ঘরের পরিবেশে ভিন্নতা চলে আসবে নিমিষেই। এছাড়া মোমের শোপিস রাখতে পারেন বসার ঘরসহ যে কোনো ঘরেই।

ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে বিভিন্ন আকৃতির মোম তৈরি করা হয় বিভিন্ন নান্দনিক দোকানগুলোয়। সেখানে গিয়ে নিজের পছন্দমতো মোমবাতি নিয়ে সাজিয়ে তুলুন আপনার সাধের ঘরটি। ঘরের কর্নার এবং সেন্টার টেবিলে ফুলের পানিতে সাজাতে পারেন এটা। এক্ষেত্রে ছোট ছোট মোম নির্বাচন করাই ভালো। আর অতিথি এলে চট করে জ্বালিয়ে নিতে পারেন। তাহলে মুহূর্তেই ঘরের পরিবেশ বদলে যাবে।

বাজারে অনেক আকৃতির মোমবাতি পাওয়া যায় যেগুলোতে খুব সহজেই মনের মতো করে ঘর সাজাতে পারেন। চারকোনা, গোলাকার, লম্বাটে, চ্যাপ্টাসহ বিভিন্ন আকৃতির মোমবাতি। এ ছাড়া রয়েছে ফুল, পাতা, গ্লাস বাটি, চকোলেট, বল এবং গাছের গুঁড়ির শেপ। মোমবাতিগুলো আরো আকর্ষণীয় করতে ব্যবহার করা হয়েছে লাল, হলুদ, সবুজ রং। যেগুলো খুব সহজেই আপনার নজর কাড়বে।

মোমবাতি রঙের সঙ্গে মিলিয়ে একই সঙ্গে কিনে নিতে পারেন দৃষ্টিনন্দন মোমদানি। বাজারে পাওয়া যাবে কাঠ, মাটি এবং বিভিন্ন ধাতবের তৈরি মোমদানি। এই মোমদানিগুলোতেও রয়েছে নানারকম বৈচিত্র্য। এগুলোর কোনোটায় আবার একই সঙ্গে কয়েকটি মোম রাখা যায়।

সচরাচর আমরা মোমবাতিকে জন্মদিনের অনুষ্ঠানে ডেকোরেশন পিস হিসেবে ব্যবহার করে থাকি। নকশা করা মোমবাতি শুধু জন্মদিনের অনুষ্ঠানে নয়, যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে আপনি ব্যবহার করতে পারেন। ফুল, পাতা, বল, গাছ, পিরামিড আকৃতির মোমবাতিগুলো আপনি শোকেসে সাজিয়েও ঘরের বৈচিত্র্য আনতে পারেন। ঘর সাজানোর উপকরণের সঙ্গে উপহার সামগ্রী হিসেবেও ব্যবহার করা যেতে পারে এসব নান্দনিক মোমবাতি।

আরও