অন্যের কাছে সম্মান পেতে নিজের যত্ন জরুরি

আপনার মূল্য আপনি নিজেই নির্ধারণ করবেন। যদি আপনি নিজেকে অবমূল্যায়ন করেন, অন্যরাও তাই করবে। আপনার ছোট ছোট দক্ষতা ও সাফল্যকে উদযাপন করুন। আত্মবিশ্বাস এমন এক শক্তি, যা অন্যদের কাছ থেকে স্বয়ংক্রিয়ভাবে সম্মান আদায় করে

সম্মান সবসময় দুই দিকে প্রবাহিত হয়। অন্যের কাছে সম্মান পেতে চাইলে শুরুটা করতে হবে নিজের থেকে। অনেক সময় মানুষ আমাদের অবমূল্যায়ন করে, কারণ আমরা নিজের প্রতিই যথেষ্ট শ্রদ্ধাশীল নই। কিছু সহজ অভ্যাস গড়ে তুললেই আত্মমর্যাদা প্রতিষ্ঠা করা যায়। আর সে সম্মানও ফেরত আসে চারপাশ থেকে।

নিজের যত্ন নিন

নিজের শরীর ও মনের যত্ন নিজেকেই নিতে হবে। আত্মযত্ন মানে শুধু সাজগোজ নয়; বরং পর্যাপ্ত ঘুম, সঠিক খাবার, নিয়মিত ব্যায়াম ও মানসিক বিশ্রামের সময় বের করা। নিজের সুস্থতা নিশ্চিত করাই আত্মসম্মানের প্রথম ধাপ।

প্রতিশ্রুতি রাখুন

প্রতিশ্রুতি রাখার প্রয়াসই মানুষের প্রধান পরিচয়। কাউকে কথা দিলে তা রাখুন— সেটা ছোট হোক বা বড়। সময়মতো উপস্থিত থাকা, প্রতিশ্রুতি রক্ষা করা বা একটি সাধারণ বার্তার জবাব দেয়া অন্যদের কাছে আপনাকে নির্ভরযোগ্য প্রমাণ করে। যারা কথার মান রাখে, তাদের প্রতি মানুষ স্বাভাবিকভাবেই সম্মান দেখায়।

‘না’ বলতে শিখুন

সবকিছুতে ‘হ্যাঁ’ বলা মানে নিজের সময় ও শক্তিকে অন্যদের হাতে তুলে দেয়া। প্রয়োজন হলে বিনা দ্বিধায় ‘না’ বলুন। ‘না’ বলা মানে নিজেকে রক্ষা করা, অন্যকে অপমান করা নয়। নিজের সীমা বুঝে সিদ্ধান্ত নিন। কোনো অনুরোধ, অনুষ্ঠানে উপস্থিতি, বা এমন কাজ যা আপনার পক্ষে করা অসুবিধাজনক প্রয়োজতে তা করতে অপরাগতা প্রকাশ করুন।

অন্যদেরও সম্মান করুন

আপনি যেমন আচরণ প্রত্যাশা করেন অন্যের সঙ্গে তেমন আচরণ করুন। অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন, মতামতকে মূল্য দিন, সদয় থাকুন। পারস্পরিক সম্মান যেকোনো সম্পর্কের ভিত্তি। আপনি যখন অন্যকে সম্মান দেবেন, তারাও সে সম্মান ফিরিয়ে দেয়।

সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করুন

নিজেকে সম্মান করা মানে নিজের চারপাশে সীমারেখা নির্ধারণ করা। কে কী বলতে বা করতে পারে তা স্পষ্ট করে দিন। কেউ যদি সেই সীমা অতিক্রম করে, শান্তভাবে কিন্তু দৃঢ়তার সঙ্গে জানান যে এটা গ্রহণযোগ্য নয়। এতে অন্যরা আপনাকে হালকাভাবে নেয়ার সুযোগ বা সাহস পাবে না।

নিজের প্রতি সহানুভূতিশীল হোন

ভুল সবাই করে। নিজের ভুলের জন্য সবসময় নিজেকে দোষারোপ না করে নিজেকেও ক্ষমা করতে শিখুন। কঠিন সময়েও নিজের প্রতি সদয় থাকুন। নিজেকে কখনো ছেড়ে যাবেন না। এতে আত্মসম্মান বৃদ্ধি পায়। অন্যদের কাছেও আপনার পরিণত ও আত্মবিশ্বাসী রূপ প্রকাশ পায়।

নিজের মূল্য স্বীকার করুন

আপনার মূল্য আপনি নিজেই নির্ধারণ করবেন। যদি আপনি নিজেকে অবমূল্যায়ন করেন, অন্যরাও তাই করবে। আপনার ছোট ছোট দক্ষতা ও সাফল্যকে উদযাপন করুন। আত্মবিশ্বাস এমন এক শক্তি, যা অন্যদের কাছ থেকে স্বয়ংক্রিয়ভাবে সম্মান আদায় করে।

অপমান সহ্য করবেন না

কেউ যদি আপনাকে অসম্মান করে, চুপচাপ মেনে নেবেন না। শান্তভাবে জানিয়ে দিন এমন আচরণ গ্রহণযোগ্য নয়। সম্মান দাবির বিষয় নয়, অর্জন করতে হয়। আর সেটা শুরু হয় নিজের অবস্থান দৃঢ় রাখার মাধ্যমে। আপনি নিজেকে যতটা সম্মান করবেন, পৃথিবীও ততটাই আপনাকে ফিরিয়ে দেবে।

টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে

আরও