রাগে মাথা গরম। কারো কথায় অভিমান জমে আছে। মনটা খারাপ, অথচ কারো সঙ্গে কথা বলতেও ইচ্ছা করছে না। এমন সময়ে কেউ গান শোনেন, কেউ হাঁটতে বের হন, আবার কেউ চুপচাপ ঢুকে পড়েন রান্নাঘরে। চুলায় জ্বলন্ত আগুন, কড়াইয়ে ফুটন্ত তেল, চপিং বোর্ডে পেঁয়াজ-সবজি কাটার ছন্দ আর চামচ-খুন্তির টুংটাংয়ের সঙ্গে ছড়িয়ে পড়া মসলার গন্ধ মনোযোগকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে। কিছুক্ষণের জন্য দূরে সরে থাকা যায় জমে থাকা চিন্তা ও অস্থিরতা থেকে। রান্না তাই শুধু ক্ষুধা মেটানোর আয়োজন নয়; অনেকের কাছে এটি মনোযোগ ফেরানো ও স্বস্তি খোঁজার একটি সহজ উপায়।
রান্নার সঙ্গে মানসিক স্বস্তির সম্পর্ক নিয়ে বেশ কিছু গবেষণা হয়েছে। কোনো রেসিপি অনুসরণ করা, উপকরণ মাপা, কাটাকাটি করা কিংবা খাবার তৈরি হওয়ার অপেক্ষা—সব মিলিয়ে মনকে একটি নির্দিষ্ট কাজে ব্যস্ত রাখে। গবেষণায় রান্না ও থেরাপিউটিক রান্নার সঙ্গে কম স্ট্রেস ও উন্নত মুডের সম্পর্ক পাওয়া গেছে। মনোবিজ্ঞানে কোনো কাজে ডুবে যাওয়ার অভিজ্ঞতাকে ‘ফ্লো’ বলা হয়, যখন কিছু সময়ের জন্য বাইরের চিন্তা ও সময়ের হিসাব আড়ালে চলে যায়। রান্নার মতো মনোযোগনির্ভর কাজেও এমন অভিজ্ঞতা তৈরি হতে পারে। কোভিড-১৯ মহামারীর সময়ও অনেকে একঘেয়েমি ও মানসিক চাপ সামলাতে রান্নার দিকে ঝুঁকেছিলেন।
তবে রান্না করলেই কর্টিসল কমে যায় বা রাগ সরাসরি কমে যায়—এমন বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয়া ঠিক হবে না। বরং রান্নার মতো মনোযোগনির্ভর ও সৃজনশীল কাজ অস্থিরতা থেকে সাময়িক দূরত্ব তৈরি করতে পারে। নিজের পছন্দমতো খাবার নির্বাচন, উপকরণ বাছাই ও স্বাদ ঠিক করার মধ্যেও থাকে নিয়ন্ত্রণের অনুভূতি। একটি খাবার শুরু থেকে শেষ পর্যন্ত নিজের হাতে তৈরি করতে পেরে অর্জনের অনুভূতি জন্মে।
রান্নার সঙ্গে জড়িয়ে থাকে স্মৃতিও। মায়ের শেখানো কোনো রেসিপি, দিদিমার হাতে তৈরি পিঠা কিংবা ছোটবেলার প্রিয় খাবার বানাতে গিয়ে হঠাৎ মনে পড়ে যেতে পারে পুরোনো কোনো দিন। খাবারের গন্ধ ও স্বাদ মানুষের স্মৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। তাই রান্নাঘর কখনো কখনো হয়ে উঠতে পারে নস্টালজিয়ার জায়গাও। মন খারাপের দিনে পরিচিত কোনো খাবার তৈরি করা অনেকের কাছে সেই পুরোনো, স্বস্তির অনুভূতিতে ফিরে যাওয়ার একটি ছোট্ট পথ হতে পারে।
একাকিত্বের সময় পছন্দের খাবার তৈরি করাও হতে পারে নিজের যত্ন নেয়ার একটি উপায়। আবার পরিবারের সদস্য, বন্ধু কিংবা সহকর্মীর সঙ্গে রান্না করলে সেটিই হয়ে উঠতে পারে সামাজিকতার উপলক্ষ। একসঙ্গে সবজি কাটা, মসলা মেশানো কিংবা রান্না শেষ হওয়ার অপেক্ষার মধ্যেই শুরু হতে পারে গল্প। খাবার তখন শুধু পেট ভরায় না; মানুষকে একই জায়গায় বসায়, কথা বলার সুযোগ তৈরি করে।
অভিমান ভাঙার ক্ষেত্রেও খাবারের ভূমিকা কখনো কখনো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারো জন্য তার পছন্দের খাবার রান্না করে চুপচাপ টেবিলে রেখে দেয়া, একই টেবিলে বসে খাওয়া কিংবা রান্নার সময় গল্পের সূত্র ধরে কথা বলা—এমন ছোট ছোট আচরণ দূরত্ব কমানোর সুযোগ তৈরি করতে পারে। বিশেষ করে যখন মুখে ‘সরি’ বলা কঠিন হয়ে যায়, তখন যত্নের একটি কাজ অনেক সময় কথার বিকল্প না হলেও কথার শুরুটা করে দিতে পারে। আর রান্নার কাজটি যদি ভাগ করে নেয়া যায়, তাতে যোগ হয় সম্পর্কের উষ্ণতা।