গুড়ো করার ঝামেলা ছাড়াই আস্ত চালের ‘আতিক্কা পিঠা’

বিন্নি চালের সঙ্গে নারকেল আর কলা মিশিয়েই বানাতে হয় এ পিঠা। তবে এ পিঠার বিশেষত্ব হচ্ছে কলা পাতা

প্রায় সব ধরনের পিঠা বানাতে সাধারণ উপকরণ হিসেবে চালের গুড়ো প্রয়োজন। কিন্তু চট্টগ্রামের ঐতিহ্যবাহী আতিক্কা পিঠা বানাতে কষ্ট করে চাল গুড়ো করতে হয় না। বিন্নি চালের সঙ্গে নারকেল আর কলা মিশিয়েই বানানো হয় এ পিঠা। তবে এ পিঠার বিশেষত্ব হচ্ছে কলা পাতা। আজ থাকছে আতিক্কা পিঠা বানানোর প্রক্রিয়া-

উপকরণ: বিন্নি চাল, নারকেল (কোড়ানো), কলা (দেশী), চিনি বা গুড়, লবণ, গুড়ো দুধ, কলা পাতা।

প্রস্তুতপ্রণালী:

চাল ২ ঘণ্টা ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। কলাগুলো একটি পাত্রে চটকিয়ে নিতে হবে। ওই পাত্রে চাল, নারকেল, গুড়ো দুধ ও চিনি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। লবণ মূলত স্বাদের জন্য ব্যবহার করা হয়। অনেকেই মিষ্টি খাবারে লবণের ব্যবহার পছন্দ করেন না।

রাইস কুকারে পানি ফুটতে দিন। অন্যদিকে ভেজা কামড় দিয়ে কলাপাতার দুই পিঠ মুছে পরিস্কার করে নিন।

এ পর্যায়ে তৈরি করে রাখা মিশ্রনটি কলা পাতায় মুড়িয়ে নিতে হবে। মোড়ানো পিঠাগুলো এবার রাইসকুকারের ভাঁপে সেদ্ধ করার পালা। গ্রামাঞ্চলে রাইস কুকারের বদলে বড় হাড়িতে কাঠি বিছিয়েও এ পিঠা ভাঁপে দেয়া হয়। ৩০ মিনিটের মতো সেদ্ধ হলেই পিঠা পরিবেশনের জন্য প্রস্তুত।

আরও