‘মিডলাইফ মেটামরফসিস’—পরিবর্তনের মধ্য দিয়ে পুনর্জন্ম

৪০ থেকে ৫০-এর কোঠায় পৌঁছে অনেকেই জীবনের বড় দায়িত্বগুলো, যেমন: পরিবার, সন্তান, কর্মজীবন—সম্পন্ন করার পথে থাকেন। কিন্তু এ সময়েই শরীর, সম্পর্ক ও আত্মপরিচয়ের ভেতর শুরু হয় সূক্ষ্ম বদল। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই পরিবর্তন আরো গভীর।

৪০ পেরোনোর পর অনেকের জীবনেই এক অদ্ভুত পরিবর্তন ঘটে। অনেকেরই কাজে উৎসাহ হারিয়ে যায়, নিজের অর্জনকে তুচ্ছ মনে হয়, সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়, কিংবা এক অদ্ভূত শূন্যতা ঘিরে ধরে। কেউ বলেন, এটাই ‘মিডলাইফ ক্রাইসিস’—মধ্যবয়সের সংকট। কিন্তু এ সংকট আসলে কতটা বাস্তব, আর কতটা সমাজের তৈরি এক ধারণা?

আমেরিকান লেখিকা ও চলচ্চিত্র নির্মাতা মিরান্ডা জুলাইয়ের উপন্যাস ‘অল ফোরস’ এ প্রশ্নকেই নতুনভাবে তুলে ধরেছে। গল্পে এক মধ্যবয়সী নারী একদিন হঠাৎ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন আত্ম-অন্বেষণে, কিন্তু পথে না গিয়েই থেমে যান নির্জন এক মোটেলে। সেখানেই শুরু হয় তার আত্ম-জাগরণের গল্প। এ উপন্যাসের মাধ্যমে জুলাই বলতে চেয়েছেন—মধ্যবয়স মানে ভাঙন নয়, বরং নতুনভাবে নিজেকে খুঁজে পাওয়ার সময়।

‘মিডলাইফ ক্রাইসিস’ শব্দবন্ধটি এসেছে ১৯৬৫ সালে কানাডীয় মনোবিশ্লেষক এলিয়ট জ্যাকসের কাছ থেকে। কিন্তু তার অনেক আগে থেকেই পশ্চিমা সাহিত্যে মধ্যবয়সকে দেখা হচ্ছিল এক ধরনের হাহাকার বা আত্ম-জিজ্ঞাসার সময় হিসেবে।

বাংলাদেশের প্রেক্ষাপটে মধ্যবয়স

বাংলাদেশে ‘মধ্যবয়স’ মানেই জীবনের বৃহৎ পরিবর্তনের সময়। ৪০ থেকে ৫০-এর কোটায় পৌঁছে অনেকেই জীবনের বড় দায়িত্বগুলো, যেমন: পরিবার, সন্তান, কর্মজীবন—সম্পন্ন করার পথে থাকেন। কিন্তু এ সময়েই শরীর, সম্পর্ক ও আত্মপরিচয়ের ভেতর শুরু হয় সূক্ষ্ম বদল। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই পরিবর্তন আরো গভীর।

মেনোপজ, সামাজিক প্রত্যাশা, কর্মজীবনের চাপ, এমনকি সন্তানদের বড় হয়ে ওঠা—সব মিলিয়ে নারীজীবনের এ পর্যায় অনেক সময় একা করে দেয়। কিন্তু একে কেবল ‘সংকট’ হিসেবে দেখলে হয়তো ভুল হবে।

মনোবিজ্ঞানীরা বলেন, মধ্যবয়স এমন এক সময় যখন মানুষ নিজের জীবনকে নতুনভাবে মূল্যায়ন করে। আগে যা ছিল দায়িত্ব, এখন তা হয়ে ওঠে আত্ম-অন্বেষণ। কারো জন্য এটা নতুন শখে ফিরে যাওয়া, কারো জন্য নতুন কর্মজীবন শুরু করা, আবার কারো জন্য নিঃশব্দে নিজেকে ভালোভাবে বোঝা।

মিরান্ডা জুলাইয়ের উপন্যাসের নায়িকা যেমন মোটেলের রুমে একা বসে বুঝতে শেখেন—তিনি এখনও ‘অসম্পূর্ণ, কিন্তু তাতে কোনো দোষ নেই।’ যদিও আমাদের সমাজে এ উপলব্ধি এখনো বিলাসিতা, কিন্তু মধ্যবয়সে এমন আত্মসচেতনতা মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য।

বাংলাদেশে এখন ধীরে ধীরে মানুষ মানসিক সুস্থতা, কাউন্সেলিং ও আত্ম-চর্চার গুরুত্ব বুঝতে শুরু করেছে। শহুরে মধ্যবয়সী নারীরা নিজেদের সময় চাওয়া, ভ্রমণে যাওয়া, কিংবা নতুনভাবে প্রেমে পড়ার কথাও খোলামেলা বলছেন। এ এক ধরনের ‘মিডলাইফ মেটামরফসিস’—পরিবর্তনের মধ্য দিয়ে পুনর্জন্ম।

দ্য কনভারসেশন অবলম্বনে

আরও