কাঠের তৈরি আসবাব একটি বাড়ির মানুষের রুচি ও আভিজাত্যকে প্রকাশ করে। কিন্তু যদি কাঠের আসবাব হেলাফেলায় থাকে বা তার যত্ন নেয়া না হয়, তা হলে দেখবেন তাড়াতাড়ি সেগুলোতে ঘুণ ধরতে শুরু করেছে। ঘুণপোকা কাঠের আসবাবের ভেতরেই তাদের ঘাঁটি তৈরি করে। ফলে ভেতরে ভেতরে ক্ষয়ে যেতে শুরু করে আসবাব।
কীভাবে যত্ন নেবেন
১) ঘুণপোকা ভেজা কাঠেই জন্মায়। ভেজা, স্যাঁতসেঁতে জায়গাতেই ডিম পাড়ে। তাই কাঠের আসবাব সবসময় শুকনো রাখতে হবে। কখনোই ভেজা কাপড় দিয়ে কাঠের আসবাব পরিষ্কার করবেন না। সব সময় শুকনো সুতির কাপড় দিয়ে আসবাব ভাল করে মুছে রাখতে হবে।
৩) কাঠের আসবাবে কোনো ছিদ্র হয়েছে কি না লক্ষ্য রাখুন। পুরনো দিনের কাঠের আসবাব হলে এমন হতে পারে। তেমন দেখলে কারিগর ডেকে ঠিক করিয়ে নিতে হবে। মোম বা গালা জাতীয় কিছু দিয়ে আসবাবের ছিদ্র বন্ধ করে দিতে হবে। নাহলে ওই ছিদ্রপথেই ঘুণপোকা আসবাবে ঢুকে ডিম পাড়বে।
৪) আপনার সাধের সেগুন বা মেহগনি কাঠের খাট বা আলমারির বয়স কি অনেক? তা হলে একবার বার্নিশ বা রঙের প্রলেপ লাগিয়ে দিন।
৫) কাঠের আসবাবে ঘুণ ধরতে শুরু করলে সেই আসবাব বাকিগুলোর থেকে আলাদা করে রাখুন। তবে ঘুণপোকা ধরেছে মানেই আসবাবটি বাতিল করে দিতে হবে তা কিন্তু নয়। কারিগর ডেকে ঘুণ ধরা অংশটি ফেলে দিন। সেই জায়গাটিতে মেরামত করে দিতে বলুন।
কাঠের আসবাবের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে। কাঠের আসবাব বানাতে দেয়ার বা কেনার সময় খেয়াল রাখবেন কী ধরনের কাঠ ব্যবহার করা হচ্ছে। ভেজা কাঠ হলে তা দ্রুত নষ্ট হবে। তাই কেনা বা বানানোর আগে পেশাদার কাউকে দিয়ে কাঠ যাচাই করিয়ে নিন।