জার্মানির বর্তমান চ্যান্সেলর ওলাফ শোলজ এবং তার জোটের কর্মকাণ্ডের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছে দেশটির দুই-তৃতীয়াংশ জার্মানরা। গত বছরের ডিসেম্বরে চ্যান্সেলর ও তার জোট সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে একের পর এক সংকটের মুখোমুখি হচ্ছে ইউরোপের শীর্ষ অর্থনীতির দেশটি। প্রভাবশালী এক জার্মান সাপ্তাহিকের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স।
গতকাল রোববার দেশটির প্রভাবশালী সাপ্তাহিক বিল্ড আম জনটাগের এক জরিপে দেখা গেছে, বর্তমানে মাত্র ২৫ শতাংশ জার্মানরা বিশ্বাস করে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (এসপিডি) তার কাজটি ভালভাবে সম্পন্ন করছে। গত মার্চে যেখানে শোলজ সরকারের প্রতি ৪৬ শতাংশের আস্থা ছিল।
জরিপে আরো বলা হয়, সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের অধীনে ডেপুটি চ্যান্সেলর থাকাকালীনও ওলাফ শোলজের কাজের রেকর্ড সুখকর ছিল না বলে মনে করে দেশটির ৬২ শতাংশ জার্মানরা।
দায়িত্ব গ্রহণের পর থেকে শোলজকে দেশটিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রভাব, জ্বালানি সংকট, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং খরার মতো ভয়াবহ মন্দা মোকাবেলা করতে হয়েছে। যা ইউরোপের বৃহত্তম অর্থনীতিকে মন্দার দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। পাশাপাশি এ সময়ে দেশটির সমালোচকরা যথেষ্ট নেতৃত্বের সাথে দেশকে পরিচালিত না করতে পারার জন্য তাকে অভিযুক্তও করেছে বলে জরিপে উঠে এসেছে।