কম্বোডিয়ার সীমান্তবর্তী অঞ্চলে থাইল্যান্ড বিমান হামলা চালিয়েছে বলে দাবি রয়্যাল থাই আর্মির। রোববার সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে এক থাই সেনা নিহত ও চারজন আহত হওয়ার পর এই আঘাত হানা হয় বলে জানিয়েছেন থাই সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল উইন্থাই সুয়ারি। খবর রয়টার্স।
আজ সোমবার প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, উবন রাচাথানি প্রদেশের নাম ইউয়ান জেলার চং বক এলাকায় সংঘর্ষের পর থাই বাহিনী বিমান মোতায়েন করে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী সাধারণ মানুষকে দ্রুত সরিয়ে নেয়ার প্রক্রিয়া জোরদার করা হয়েছে।
কম্বোডিয়াও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেয়তা জানান, সোমবার ভোরে প্রেহ ভিহেয়ার ও ওদার মেনচে প্রদেশে অবস্থানরত কম্বোডীয় সেনাদের ওপর থাই বাহিনী হামলা চালায়। তবে কম্বোডিয়া পাল্টা হামলা করেনি বলে তিনি উল্লেখ করেন।
গত জুলাইয়ে পাঁচ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুইদেশের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে গত অক্টোবরে কুয়ালালামপুরে একটি বিস্তৃত শান্তিচুক্তিও স্বাক্ষর হয়।
জুলাইয়ের সংঘর্ষে কমপক্ষে ৪৮ জন নিহত এবং প্রায় তিন লাখ মানুষ সাময়িকভাবে বাস্তুচ্যুত হয় বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। পরে গত মাসে থাই সেনাদের ওপর স্থলমাইন বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাংকক যুদ্ধবিরতি বাস্তবায়ন স্থগিত করার ঘোষণা দেয়।
থাই সামরিক বাহিনী জানিয়েছে, সীমান্তবর্তী চারটি জেলায় ৩ লাখ ৮৫ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেয়া হচ্ছে, যার মধ্যে অন্তত ৩৫ হাজার এরইমধ্যেই অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত।
১৮০০ শতকের শেষ দিক থেকে দুই দেশের মধ্যে ৮১৭ কিলোমিটার দীর্ঘ স্থলসীমান্তের বেশ কয়েকটি অনির্ধারিত অংশে সার্বভৌমত্ব নিয়ে বিরোধ চলে আসছে। এর আগেও ২০১১ সালে এক সপ্তাহব্যাপী গোলাগুলির মতো একাধিক সংঘর্ষ ঘটেছে, যদিও শান্তিপূর্ণ সমাধানের জন্য বিভিন্ন সময়ে উদ্যোগ নেয়া হয়েছে।