আফগানিস্তান ও পাকিস্তানের বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনার জেরে রোববার আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে দিয়েছে পাকিস্তান। পাকিস্তানি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্স।
শনিবার গভীর রাতে আফগান সৈন্যরা পাকিস্তানি সীমান্ত পোস্টে গুলি চালায়। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এর আগে সপ্তাহের শুরুতে পাকিস্তানের আকাশপথে হামলার প্রতিশোধ হিসেবে চালানো হয় এ গুলি।
জবাবে পাকিস্তানও গুলি ও কামান ব্যবহার করে হামলা করে। পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, পাল্টা হামলায় আফগান বাহিনীর বেশ কয়েকটি সীমান্ত পোস্ট ধ্বংস হয়েছে।
পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা জানান, রোববার সকালে বেশিরভাগ এলাকায় গোলাগুলি বন্ধ হয়ে গেলেও পাকিস্তানের কুররাম অঞ্চলে থেমে থেমে গুলি চলতে থাকে বলে স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা জানিয়েছেন।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রোববার আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের দুটি প্রধান সীমান্ত ক্রসিং, তোর্খাম এবং চামান বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও খারলাচি, আংগুর আড্ডা এবং গুলাম খানসহ অন্তত তিনটি ছোট ক্রসিংও বন্ধ রয়েছে।
সীমান্ত বন্ধের বিষয়ে আফগান কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল যে, তাদের অভিযান স্থানীয় সময় মধ্যরাতে শেষ হয়েছে। তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ রোববার বলেছেন, আফগানিস্তানের কোনো অংশে কোনো ধরনের হুমকি নেই।
স্থলবেষ্টিত আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের ২ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ইসলামাবাদ অভিযোগ করে আসছে যে, তালেবান প্রশাসন পাকিস্তানের ওপর আক্রমণকারী জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। তবে কাবুল এ অভিযোগ অস্বীকার করে।