যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ৬০০টি বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অঙ্গরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেন ও এর আশপাশের এলাকা। পরিস্থিতির অবনতির কারণে প্রায় ৬০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছ বার্তা সংস্থা এপি।
কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহান্তে স্পোকেন অঞ্চলে দাবানলে প্রায় ২১ বর্গকিলোমিটার (৮ বর্গমাইল) এলাকা পুড়ে গেছে।
ওয়াশিংটন অঙ্গরাজ্যে এ পর্যন্ত মোট প্রায় ১ হাজার বর্গকিলোমিটার (৩৮৬ বর্গমাইল) এলাকা আগুনে পুড়ে গেছে। স্পোকেনের দাবানলসহ কয়েকটি বড় আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
দমকল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি। তবে উদ্ধার ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আবাসিক এলাকার কাছাকাছি ভবনে আগুন জ্বলছে, আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে এবং বহু বাড়ি সম্পূর্ণ পুড়ে শুধু চিমনি দাঁড়িয়ে রয়েছে। আবহাওয়া শুষ্ক থাকায় আগামী কয়েক দিন পরিস্থিতি আরো কঠিন হতে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।
এক সংবাদ সম্মেলনে ওয়াশিংটনের সিনেটর মারিয়া ক্যান্টওয়েল বলেন, আমরা এখনো বিপদমুক্ত নই। আগামী কয়েক দিন অত্যন্ত চ্যালেঞ্জিং হবে।
দাবানলের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেননি তদন্তকারীরা।
এদিকে আইডাহো ও ওরেগনের সীমান্তবর্তী এলাকায় টানা দশম দিনের মতো আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে দমকলকর্মীরা। সেখানে প্রায় ১ হাজার ৩৬০ বর্গকিলোমিটার (৫২৫ বর্গমাইল) তৃণভূমি পুড়ে গেছে। দাবানল ৬০০টির বেশি বাড়ি ও ৮০০টি অন্যান্য স্থাপনার জন্য হুমকি তৈরি করেছে।
অন্যদিকে উটাহ অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলেও একটি বড় দাবানলের বিস্তার সপ্তাহান্তে দ্বিগুণের বেশি বেড়েছে। আগুনে ১৪৫ বর্গকিলোমিটার (৫৬ বর্গমাইল) এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ১০০টি গবাদিপশু মারা গেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।