যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ‘সম্পূর্ণ ধ্বংস’-এর যে ঘোষণা দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের উপদেষ্টা মাহদি মোহাম্মাদি সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে দাবি করেছেন, ফোর্দো পারমাণবিক স্থাপনাটি বহু আগেই খালি করে ফেলা হয়েছিল এবং হামলায় সেখানে কোনো অপূরণীয় ক্ষতি হয়নি। খবর আল জাজিরা।
মোহাম্মাদি লেখেন, ‘এই হামলা ইরানের কাছে অপ্রত্যাশিত ছিল না। সাইটটি অনেক আগেই খালি করা হয়েছিল। দুইটি বিষয় নিশ্চিত— প্রথমত, জ্ঞানকে বোমা মেরে ধ্বংস করা যায় না। দ্বিতীয়ত, এবার জুয়াড়িরাই হারবে।‘
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ-র খবরে বলা হয়েছে, ফোর্দোর অবস্থান কুম প্রদেশে হওয়ায় সেখানকার ‘সংকট ব্যবস্থাপনা সদর দপ্তর’ এক বিবৃতিতে জানিয়েছে— কুম এবং আশপাশের অঞ্চলের জনগণের কোনো ধরনের বিপদের আশঙ্কা নেই।
এর আগে ইরানের এক সরকারি কর্মকর্তা জানিয়েছিলেন, ফোর্দো স্থাপনাটি অনেক আগেই খালি করা হয়েছিল এবং যুক্তরাষ্ট্রের হামলায় সেখানে স্থায়ী বা অপূরণীয় ক্ষতি হয়নি।
তবে এর বিপরীতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, ফোর্দোয় পূর্ণমাত্রায় বোমা ফেলা হয়েছে এবং সাইটটি ‘চিরতরে নিশ্চিহ্ন’ হয়ে গেছে। তার ভাষায়, ‘ফোর্দো আর নেই।‘