১৯ মাস গাজায় বন্দি থাকার পর হামাসের হাতে আটক মার্কিন-ইসরায়েলি নাগরিক এডান আলেকজান্ডার মুক্তি পেয়েছেন। সোমবার (১২ মে) যুদ্ধক্ষেত্রে স্বল্প সময়ের একটি যুদ্ধবিরতির সুযোগে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সহায়তায় তাকে গাজা থেকে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়। খবর রয়টার্স।
২১ বছর বয়সী আলেকজান্ডারকে প্রথমে একটি সামরিক স্থাপনায় নেয়া হয়। সেখানে তার সঙ্গে পরিবারের সদস্যদের দেখা হয়। এরপর ইসরায়েলি বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে তাকে হাসপাতালে নেয়া হয় চিকিৎসার জন্য।
গাজায় লড়াইয়ের মাঝে এই মুক্তির জন্য কিছু সময় অস্ত্রবিরতি ঘোষণা করেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এর কিছুক্ষণ পরই গাজায় ফের বিমান ও ট্যাংক হামলা শুরু হয়।
হামাস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সম্মান দেখিয়ে তারা আলেকজান্ডারকে মুক্তি দিয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্য সফরে থাকা ট্রাম্প এক টুইটে লিখেছেন,
‘মৃত ভেবে যাকে ধরা হয়েছিল, সেই আমেরিকান বন্দিকে হামাস মুক্ত করছে। দারুণ খবর!’
তবে নেতানিয়াহু জানিয়েছেন, গাজায় ইসরায়েলি সেনা চাপ এবং ট্রাম্পের কূটনৈতিক চাপ—দুটোর ফলেই এই মুক্তি সম্ভব হয়েছে। নেতানিয়াহুর কার্যালয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ইসরায়েল কোনো ধরনের যুদ্ধবিরতিতে সম্মতি দেয়নি। বরং গাজায় আরো তীব্র সামরিক অভিযানের পরিকল্পনা চলছে।
এদিকে, আলেকজান্ডারের মুক্তির কয়েক ঘণ্টা আগেই গাজায় একটি স্কুলে আশ্রয় নেয়া ১৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হামাস যোদ্ধাদের লক্ষ্য করেই হামলা চালিয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের অভিযানে গাজায় ৫২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানাচ্ছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ।