চীনের উত্তর-পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশের লিয়াওয়াং শহরে একটি রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১২টা ৪০ মিনিটে জনবহুল একটি বাণিজ্যিক ও আবাসিক ভবনের নিচতলার রেস্টুরেন্টে এই দুর্ঘটনা ঘটে।
লিয়াওয়াং শহরের ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঘটনাস্থলে দ্রুত পাঠানো হয় ৮৫ জন অগ্নিনির্বাপক কর্মী ও ২২টি ফায়ার ট্রাক। কয়েক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। হতাহতদের নাম-পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে অনেকেই ছিলেন রেস্টুরেন্টের কর্মচারী ও দুপুরে খেতে আসা স্থানীয় বাসিন্দা।
প্রাথমিক তদন্তে জানা গেছে, রেস্টুরেন্টটির রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ধারণা করা হচ্ছে, তেলতেলে পরিবেশ ও রান্নায় ব্যবহৃত খোলা আগুন থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো রেস্টুরেন্টে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রেস্টুরেন্টটির ব্যবস্থাপককে এরই মধ্যে আটক করেছে। তার বিরুদ্ধে গাফিলতির অভিযোগে তদন্ত চলছে।
গভীর শোক প্রকাশ করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, প্রতিটি প্রাণের মূল্য রয়েছে। এ ঘটনার মাধ্যমে আবারো পরিষ্কার হলো, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা কতটা প্রাণঘাতী হতে পারে। তিনি আহতদের সুচিকিৎসা এবং দায়ীদের কঠোর শাস্তির নির্দেশ দিয়েছেন।
চীনে এর আগেও বিভিন্ন বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বারবার এ ধরনের দুর্ঘটনা ঘটার মূল কারণ ভবন নিরাপত্তা বিধির অবহেলা, অপ্রতুল প্রশিক্ষণ ও নিয়মিত তদারকির ঘাটতি। শ্রম অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, অনেক রেস্টুরেন্ট ও কারখানায় পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই, জরুরি নির্গমনের পথগুলোও বাধাগ্রস্ত।