তুরস্কের ইজমিরে দাবানলে ঘরবাড়ি ও শিল্প এলাকা হুমকিতে, পাঁচটি এলাকা খালি

প্রদেশের গভর্নর সুলেমান এলবান জানিয়েছেন, ইজমিরের দক্ষিণাঞ্চলে সেফেরিহিসার ও মেন্দেরেস জেলার মধ্যে স্থানীয় সময় দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। ঘণ্টায় ১১৭ কিলোমিটার বেগে বাতাস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে ভয়াবহ দাবানলে ঘরবাড়ি ও শিল্প এলাকা হুমকির মুখে পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের তীব্রতায় বাসিন্দারা বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন। খবর এএফপি।

প্রদেশের গভর্নর সুলেমান এলবান জানিয়েছেন, ইজমিরের দক্ষিণাঞ্চলে সেফেরিহিসার ও মেন্দেরেস জেলার মধ্যে স্থানীয় সময় দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। ঘণ্টায় ১১৭ কিলোমিটার বেগে বাতাস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এমনকি বাতাসের তীব্র বেগের কারণে হেলিকপ্টারের ব্যবহারও বন্ধ করতে হয়েছে। তবে আগুন নেভাতে পানি ছোড়ার বিশেষ উড়োজাহাজ ও বিপুল সংখ্যক স্থলকর্মী কাজ করছে।

গভর্নর বলেন, আগুন আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কায় সেফেরিহিসার জেলার পাঁচটি এলাকা খালি করা হয়েছে। উর্কমেজ গ্রামের বাসিন্দারা ঘরবাড়ি রক্ষায় গাছ কেটে আগুন থামানোর চেষ্টা করছেন বলেও এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।

এদিকে, ইজমির নগরী থেকে ১৩ কিলোমিটার দূরের গাজিমির এলাকার একটি ল্যান্ডফিলে অন্য একটি অগ্নিকাণ্ড নিকটবর্তী বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে। এটি ওটোকেন্ট শিল্প এলাকা ও গাড়ির ডিলারশিপগুলোকে হুমকির মুখে ফেলেছে। স্থানীয় টেলিভিশন ফুটেজে এক ডিলারশিপে আগুন জ্বলতে দেখা গেছে।

তুর্কি সংবাদমাধ্যম জানিয়েছে, ইজমির বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

আরও