যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোয় হামলা চালানো হবে বলে ওয়াশিংটনের আঞ্চলিক মিত্রদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরনি এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বুধবার (১৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানে বিক্ষোভকারীদের সমর্থনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের হুমকির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান।
একটি মানবাধিকার সংস্থার দাবি, ইরান বিক্ষোভে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে প্রায় ২ হাজার ৬০০ জনে পৌঁছেছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দেশটির শাসকদের এবারই সবচেয়ে বড় গণবিক্ষোভের মুখোমুখি হতে হয়েছে। বিক্ষোভকারীদের সমর্থনে ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
নাম অপ্রকাশিত রাখার শর্তে ইরানি ওই কর্মকর্তা জানিয়েছেন, তেহরান এরই মধ্যে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের ওয়াশিংটনকে দেশটিতে হামলা চালানো থেকে বিরত রাখতে আহ্বান জানিয়েছে। তিনি বলেন, ‘সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও তুরস্কসহ মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের মিত্র হিসেবে পরিচিত দেশগুলোকে জানানো হয়েছে, যদি যুক্তরাষ্ট্র ইরান আক্রমণ করে তাহলে এসব এলাকায় মার্কিন ঘাঁটির ওপর হামলা চালানো হবে।’
তিনি আরো জানান, উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে কূটনৈতিক যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে।
ইসরায়েলি এক কর্মকর্তার বরাত রয়টার্সের ওই প্রতিবেদনে আরো জানানো হয়, ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ইরানে হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তবে তার পরবর্তী পদক্ষেপের সময় ও ধরন নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
ইসরায়েলের আরেক সরকারি কর্মকর্তা বার্তা সংস্থাটিকে জানিয়েছেন, মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিনের শেষভাগে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নিরাপত্তা ক্যাবিনেটকে ইরানে শাসকদের পতন এবং মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে ব্রিফিং দেয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যে বাহরাইনসহ কয়েকটি দেশে মার্কিন সৈন্যদের ঘাঁটি রয়েছে। এর মধ্যে বাহরাইনের ঘাঁটিটিকে ব্যবহার করা হচ্ছে পঞ্চম নৌবহরের সদরদপ্তর হিসেবে। আর কাতারের আল উবেইদ এয়ার বেসটিকে ব্যবহার করা হচ্ছে মার্কিন সেন্ট্রাল কমান্ডের ফরোয়ার্ড হেডকোয়ার্টার হিসেবে। গত বছর পারমাণবিক স্থাপনায় বিমান হামলার জবাবে ইরানে আল উবেইদ ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছিল।