মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টার ঘটনায় গতকাল সন্দেহভাজন ৩১ বছর বয়সী কোল টোমাস অ্যালেন ওয়াশিংটন ডিসির একটি আদালতে হাজির হস। তার বিরুদ্ধে আরো দুটি আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত অভিযোগ আনা হয়। একইসঙ্গে হোয়াইট হাউজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে পর্যালোচনা শুরু হয়েছে। খবর বিবিসি।
প্রসিকিউটরদের দাবি, শনিবার রাতে হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজ অনুষ্ঠানে একটি নিরাপত্তা চেকপয়েন্ট অতিক্রম করার সময় অ্যালেনের কাছে একটি সেমি-অটোমেটিক হ্যান্ডগান, একটি পাম্প-অ্যাকশন শটগান ও তিনটি ছুরি ছিল।
হোটেলে সংঘটিত ওই হামলায় একজন সিক্রেট সার্ভিস এজেন্ট গুলিবিদ্ধ হন, তবে গুরুতর আহত হননি। এতে দোষী প্রমাণিত হলে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড।
আদালতে নীল জাম্পস্যুট ও নামফলক পরিহিত অবস্থায় অভিযুক্ত অ্যালেনকে শান্ত ও সংযত দেখা যায়। বিচারকের প্রশ্নের জবাবে তিনি নরম কণ্ঠে ‘জ্বী, মাননীয় বিচারক’ অথবা ‘না, মাননীয় বিচারক’ বলে উত্তর দেন। তিনি নিজের বয়স ও একটি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে বলেও জানান।
শনিবার রাতের ঘটনায় গুলির শব্দ শোনার পর ট্রাম্প, ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মন্ত্রিসভার সদস্য এবং অন্যান্য হোয়াইট হাউস কর্মকর্তাদের দ্রুত ওয়াশিংটন হিলটন হোটেলের বলরুম থেকে সরিয়ে নেয়া হয়।
অভিযোগ অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তি বেজমেন্টের ভেন্যুর এক তলা ওপরে থাকা নিরাপত্তা চেকপয়েন্ট ভেঙে এগিয়ে যায়।
অ্যাটর্নি জেনারেল টড ব্রাঞ্চে গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘একজন সিক্রেট সার্ভিস কর্মকর্তা বুকে গুলিবিদ্ধ হন, তবে তিনি বুলেটপ্রুফ ভেস্ট পরা ছিলেন, যা তাকে রক্ষা করে।’
তিনি আরো জানান, ওই কর্মকর্তা পাল্টা পাঁচ রাউন্ড গুলি চালান। অ্যালেন গুলিবিদ্ধ না হলেও মাটিতে পড়ে যান এবং দ্রুত গ্রেফতার হন।
ব্ল্যাঞ্চ বলেন, সন্দেহ করা হচ্ছে অভিযুক্ত অন্তত একবার শটগান থেকে গুলি ছুড়েছিলেন।
তবে সিক্রেট সার্ভিস এজেন্ট অভিযুক্তের গুলিতে আহত হয়েছেন, নাকি অন্য আইনশৃঙ্খলা বাহিনীর গুলির মধ্যে পড়ে গেছেন—তা এখনো স্পষ্ট নয়। ওই এজেন্টকে এরই মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করলে সম্ভাব্য শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড।
অন্য অভিযোগগুলো, নিজ রাজ্য পেরিয়ে অপরাধের উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র বহন এবং সহিংস অপরাধে অস্ত্র ব্যবহার। যার প্রতিটির সর্বোচ্চ শাস্তি ১০ বছর। অভিযুক্তের পরবর্তী শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
আদালতে বলা হয়, ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে অভিযুক্ত একাধিক অঙ্গরাজ্য অতিক্রম করেন।
তিনি ২১ এপ্রিল লস অ্যাঞ্জেলেসের টরেন্স শহর থেকে ট্রেনে করে শিকাগো যান। ২৪ এপ্রিল শিকাগো থেকে ওয়াশিংটনে এসে অনুষ্ঠানের আগের দিন হিলটন হোটেলে ওঠেন।
অভিযুক্ত ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে পড়াশোনা করেছেন এবং লস অ্যাঞ্জেলেস এলাকার পাসাডেনা ইউনাইটেড রিফর্মড চার্চে যেতেন।
ফেডারেল ক্যাম্পেইন ফাইন্যান্স রেকর্ড অনুযায়ী, ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে সমর্থন জানিয়ে তিনি ডেমোক্র্যাটিক পার্টির একটি পলিটিক্যাল অ্যাকশন কমিটিকে ২৫ ডলার অনুদান দেন।
একটি হলফনামা অনুযায়ী, হামলার ঠিক আগে পরিবারকে একটি ইমেইল পাঠান অ্যালেন, যেখানে লেখা ছিল, ‘প্রশাসনের কর্মকর্তারা লক্ষ্যবস্তু... সর্বোচ্চ পদাধিকারী থেকে নিচের দিকে অগ্রাধিকার অনুযায়ী।’
অভিযুক্তকে হেফাজতে রাখা হয়েছে এবং প্রসিকিউটররা জানিয়েছেন, তার বিরুদ্ধে আরো অভিযোগ আনা হতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, তিনি তদন্তে সহযোগিতা করছেন না।
এদিকে ট্রাম্পকে ঘিরে এটি তৃতীয়বারের মতো হত্যাচেষ্টার অভিযোগ তদন্তের মুখে পড়ায় নিরাপত্তা ব্যবস্থা নতুন করে খতিয়ে দেখা হচ্ছে।
অনেকে প্রশ্ন তুলেছেন—ওয়াশিংটন হিলটনের নিরাপত্তা বেষ্টনী যথেষ্ট ছিল কি-না, কেন অনুষ্ঠানে উপস্থিতদের পরিচয়পত্র দেখাতে বলা হয়নি, এবং কেন প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট ও উত্তরাধিকার লাইনের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একই স্থানে উপস্থিত ছিলেন।
তবে অ্যাটর্নি জেনারেল ব্ল্যাঞ্চ বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়নি।’
তিনি উল্লেখ করেন, হামলাকারী প্রেসিডেন্ট থেকে এক তলা দূরে ছিল এবং ‘তার ও প্রেসিডেন্টের মাঝখানে শত শত ফেডারেল এজেন্ট অবস্থান করছিল।’
ওয়াশিংটন হিলটন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সিক্রেট সার্ভিসের নির্দেশনা মেনেই নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল।
হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প এখনো সিক্রেট সার্ভিসের নেতৃত্বের ওপর আস্থা রাখছেন।
হোয়াইট হাউজ চিফ অব স্টাফ সুজি ওয়াইলস চলতি সপ্তাহে একটি বৈঠক ডাকবেন, যেখানে বড় ধরনের অনুষ্ঠানগুলোর নিরাপত্তা প্রটোকল ও পদ্ধতি নিয়ে আলোচনা হবে।