ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে আসন্ন মুক্ত বাণিজ্য চুক্তির অংশ হিসেবে আমদানি করা গাড়ির ওপর শুল্ক বড়সড়ভাবে কমাতে চলেছে ভারত। সূত্রের খবর, বর্তমানে যেখানে ইউরোপ থেকে আমদানি করা গাড়ির ওপর সর্বোচ্চ ১১০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়, সেখানে তা কমিয়ে প্রথম ধাপে ৪০ শতাংশে নামানো হবে।
রয়টার্সকে দেয়া তথ্য অনুযায়ী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ইইউ-এর ২৭টি দেশের জন্য এই ছাড়ে সম্মত হয়েছে। তবে এই সুবিধা আপাতত সীমিত সংখ্যক গাড়ির ক্ষেত্রেই প্রযোজ্য হবে। যেসব গাড়ির আমদানি মূল্য ১৫ হাজার ইউরো (প্রায় ১৭ হাজার ৭৩৯ ডলার) বা তার বেশি, সেগুলির ওপরই এই শুল্কছাড় কার্যকর হবে।
সূত্র জানিয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে এই শুল্ক আরো কমিয়ে ১০ শতাংশে নামানোর পরিকল্পনাও রয়েছে। এর ফলে ফক্সওয়াগেন, মার্সিডিজ-বেঞ্জ এবং বিএমডব্লিউর মতো ইউরোপীয় গাড়ি নির্মাতারা ভারতের বাজারে আরো সহজে প্রবেশ করতে পারবে।
দেশীয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা যেমন টাটা মোটরস এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার বিনিয়োগ রক্ষার্থে বৈদ্যুতিক গাড়ির ওপর এখনই কোনো শুল্ক কমানো হচ্ছে না। চুক্তির প্রথম পাঁচ বছর ইভি এই সুবিধার বাইরে থাকবে। পাঁচ বছর পর থেকে ইভির ক্ষেত্রেও একই ধরনের শুল্ক ছাড় কার্যকর হতে পারে।
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভর ডার লিয়েনের সঙ্গে নরেন্দ্র মোদি। ছবি- রয়টার্স
বর্তমানে ভারতের গাড়ির বাজারে ইউরোপীয় সংস্থাগুলোর দখল ৪ শতাংশেরও কম। ফক্সওয়াগন, মার্সিডিজ-বেঞ্জ, বিএমডব্লিউ, রেনল্ট এবং স্টেলান্টিসের মতো সংস্থাগুলো এই সিদ্ধান্তের ফলে সরাসরি উপকৃত হবে। উচ্চ শুল্কের কারণে এই বিলাসবহুল গাড়িগুলো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে ছিল, যা এখন অনেকটাই সহজলভ্য হবে।
ভারতের বস্ত্র ও অলঙ্কার শিল্পের ওপর সম্প্রতি আমেরিকা ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পর, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই চুক্তি ভারতের রফতানি বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক হবে। প্রায় দুই দশক ধরে চলা আলোচনার অবসান ঘটিয়ে এই চুক্তি স্বাক্ষরিত হতে যাওয়ায় একে ‘মাদার অব অল ডিলস’ বা সব চুক্তির সেরা চুক্তি বলে অভিহিত করা হচ্ছে।
তবে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এবং ইউরোপীয় কমিশন এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। সব ঠিক থাকলে আগামীকালই দিল্লিতে ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্মেলনে এ চুক্তি চূড়ান্ত হতে পারে।