তাইওয়ানে আঘাত হেনেছে টাইফুন হাইকুই

টাইফুন হাইকুইয়ের প্রভাবে তাইওয়ানে গতকাল প্রবল বৃষ্টি হয় এবং বাতাসের তীব্রতা বেড়ে যায়।

টাইফুন হাইকুইয়ের প্রভাবে তাইওয়ানে গতকাল প্রবল বৃষ্টি হয় এবং বাতাসের তীব্রতা বেড়ে যায়। ফলে দেশটির অভ্যন্তরীণ ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে এবং চার হাজার লোককে সরিয়ে নেয়া হয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত খবরে বলা হয়, তাইওয়ানের দক্ষিণ-পূর্বে পাহাড়ি এবং অল্প জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হেনেছে হাইকুই। এটি বিগত চার বছরের মধ্যে তাইওয়ানে সরাসরি আঘাত করা প্রথম টাইফুন। ভূখণ্ডটির পূর্ব ও দক্ষিণের বিভিন্ন কাউন্টি ও শহরগুলোয় শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস বাতিল এবং শ্রমিকদের জন্য একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বলেন, ‘লোকদের বাইরে যাওয়া এড়িয়ে চলা উচিত এবং পাহাড়ে, উপকূলে যাওয়া, মাছ ধরতে যাওয়া উচিত নয়।’

দমকল বিভাগ জানিয়েছে, হুয়ালিয়েনের পূর্বাঞ্চলীয় কাউন্টিতে একটি গাছ একটি ট্রাকের ওপর পড়ে যায়। এতে দুজন আহত হয়েছেন। আরো ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। রাজধানী তাইপেতে শুধু বৃষ্টি হয়েছে। হাইকুই টাইফুন সাওলার চেয়ে অনেক দুর্বল ঝড়, যা সম্প্রতি হংকং এবং দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে আঘাত হানে।

তাইওয়ানের সরকার জানায়, দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চল থেকে ৩ হাজার ৭২৯ জনকে সরিয়ে নেয়া হয়েছে। তাইওয়ানের এয়ারলাইনসগুলো সব অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে। আশপাশের দ্বীপগুলোতে ফেরি চলাচলও স্থগিত করা হয়েছিল।

আরও