মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে মিত্র দেশগুলোর প্রতি এক বিশেষ জোট গঠনের আহ্বান জানিয়েছেন। তবে জাপান ও অস্ট্রেলিয়া সোমবার জানিয়েছে যে, মধ্যপ্রাচ্যে তাদের কোনো নৌবাহিনী পাঠানোর পরিকল্পনা নেই। ট্রাম্পের এই আহ্বানের পর বিশ্বজুড়ে তেল সরবরাহ ব্যবস্থা ও বৈশ্বিক জ্বালানি বাজার নিয়ে উদ্বেগ আরো ঘনীভূত হয়েছে। খবর রয়টার্স।
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের তৃতীয় সপ্তাহে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। ট্রাম্প দাবি করেছেন, উপসাগরীয় অঞ্চল থেকে তেল আমদানিকারক দেশগুলোর এই গুরুত্বপূর্ণ জলপথ রক্ষায় দায়বদ্ধতা রয়েছে। তিনি জানিয়েছেন, তার প্রশাসন এ বিষয়ে সাতটি দেশের সঙ্গে যোগাযোগ করেছে। যদিও দেশগুলোর নাম প্রকাশ করেননি তিনি। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও ব্রিটেনসহ অন্যান্য দেশকে এই মিশনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছিলেন।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সোমবার পার্লামেন্টে স্পষ্ট করেছেন, জাপানের যুদ্ধবিরোধী সংবিধানের সীমাবদ্ধতার কারণে মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা তাদের নেই। তিনি বলেন, ‘এসকর্ট জাহাজ পাঠানোর বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। স্বাধীনভাবে এবং আইনি কাঠামোর মধ্যে থেকে জাপান কী করতে পারে, তা আমরা খতিয়ে দেখছি।‘
একই সুর শোনা গেছে অস্ট্রেলিয়ার কণ্ঠেও। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের মন্ত্রিসভার সদস্য ক্যাথরিন কিং এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, তাদের কাছে এমন কোনো অনুরোধ আসেনি এবং তারা এ ধরনের কোনো মিশনে অংশ নিচ্ছে না।
এদিকে, যুক্তরাষ্ট্রের চাপের মুখে চীনসহ বিভিন্ন দেশের সাথে ট্রাম্পের কূটনৈতিক দরকষাকষির বিষয়টিও সামনে এসেছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, চীন সহযোগিতা না করলে বেইজিং সফর পিছিয়ে দেয়া হতে পারে।
এদিকে, মার্কিন ও ইসরায়েলি বাহিনীর দাবি সত্ত্বেও ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা প্রদর্শন অব্যাহত রেখেছে। সোমবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ট্যাঙ্কে ড্রোন হামলার পর বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। এছাড়া সৌদি আরবেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। যদিও ইরান দাবি করছে, তাদের দেশ স্থিতিশীল এবং তারা আত্মরক্ষায় প্রস্তুত, তবে এই উত্তেজনা বিশ্ব অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।