হরমুজ প্রণালিতে জাহাজে হামলা ইরানের, এসকর্ট কার্যক্রম স্থগিত করল জাতিসংঘ

হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এ হামলার ঘটনার পর এ নৌপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ পারাপারের এসকর্ট (নিরাপত্তা বেষ্টনী) কার্যক্রম স্থগিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)। এ ঘটনার পর ইরান যুদ্ধ বন্ধে হওয়া প্রাথমিক চুক্তিটি শেষ পর্যন্ত কার্যকর থাকবে কিনা, তা নিয়ে বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। খবর রয়টার্স।

শিপিং খাতের চারটি সূত্র জানিয়েছে, হামলার শিকার জাহাজটির নাম ‘এভার লাভলি’ এবং এটি সিঙ্গাপুরের পতাকাবাহী। একটি নিরাপত্তা সূত্র উল্লেখ করেছে, জাহাজটিতে সম্ভবত ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

ব্রিটিশ নৌবাহিনীর নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ওমান উপকূলের কাছাকাছি একটি পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি জাহাজের ডান দিকে আঘাত করেছে। এতে জাহাজটির চালকের কক্ষ (ব্রিজ) ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজের ক্যাপ্টেন জানিয়েছেন, এ ঘটনায় কেউ হতাহত হননি এবং বড় কোনো ক্ষতি হয়নি। কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।

তেহরান অনুমোদিত রুট বা পথ ছাড়া অন্য কোনো পথ ব্যবহার না করতে বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্ক করার মাত্র কয়েক ঘণ্টার মাথায় এ হামলার ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্রের অন্তত দুজন শীর্ষ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন, ইরানই ওই জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

অন্যদিকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি ও তদারকির জন্য তেহরানের গঠন করা 'পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি' স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের নির্ধারিত রুটের বাইরে চলাচলকারী কোনো জাহাজের নিরাপত্তার গ্যারান্টি তারা দেবে না। ইরানি কর্তৃপক্ষ এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, অনুমোদিত রুট ছাড়া অন্য পথ ব্যবহারের ফলে সৃষ্ট যেকোনো পরিণতির জন্য জাহাজের মালিক, অপারেটর এবং ক্যাপ্টেন নিজেই দায়ী থাকবেন।

এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে চলতি মাসের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্কবার্তা দিয়ে বলেছিলেন, যুদ্ধ সমাপ্তি এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার চুক্তি যদি ইরান অমান্য করে, তবে যুক্তরাষ্ট্র দেশটিতে আবারও বোমাবর্ষণ শুরু করতে পারে।

আরও