নিউ ইয়র্ক শহরের ব্যস্ততম এলাকাগুলোর একটি মিডটাউন ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউতে সোমবার সন্ধ্যায় একটি অফিস ভবনে গুলিবর্ষণের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ছিলেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগের ছুটিতে থাকা এক কর্মকর্তা।
ঘটনার সূত্রে জানা গেছে, সন্দেহভাজন বন্দুকধারীর নাম শেন তামুরা। নেভাডার এই বাসিন্দা হামলার পর নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন। তার দেহ থেকে লাস ভেগাসের ইস্যুকৃত কনসিলড ক্যারি পারমিটসহ পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। তদন্তের সঙ্গে যুক্ত সূত্রের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে।
নিউ ইয়র্ক ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে পার্ক অ্যাভিনিউর একটি অফিস ভবনে গুলি ছোড়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে। ভবনটিতে দেশের শীর্ষস্থানীয় কিছু আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) অফিসও রয়েছে।
নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানান, আরো কয়েকজন এই ঘটনায় আহত হয়েছেন। তিনি একটি ভিডিও বার্তায় বলেন, ‘ভবনের ভেতরে যারা এখনো অবস্থান করছেন, তারা নিরাপদে থাকুন, কারণ পুলিশ প্রতিটি তলা তল্লাশি চালাচ্ছে।‘ মেয়র জানান, তিনি আহতদের পরিবারের সঙ্গে হাসপাতালে সাক্ষাৎ করতে যাচ্ছেন।
উল্লেখ্য, চলতি বছরের জুলাই পর্যন্ত নিউ ইয়র্ক শহরে হত্যাকাণ্ড ও গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সাম্প্রতিক দশকগুলোর মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ছিল। তবে এই মর্মান্তিক ঘটনাটি শহরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।